ভুলেও আর স্পর্শ নয় মা তারাকে, শক্তিপীঠ তারাপীঠে চালু হল একগুচ্ছ নয়া নিয়ম
প্রতিদিন | ১৮ জুলাই ২০২৬
আজ, শনিবার শ্রাবণ মাসের প্রথম দিন থেকেই তারাপীঠ মন্দিরে কার্যকর হল একাধিক নতুন নিয়ম। নবগঠিত তারাপীঠ মন্দির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে সাধারণ ভক্তরা আর মা তারার বিগ্রহ স্পর্শ করে পুজো দিতে পারবেন না। দর্শনার্থীদের সুবিধা, শৃঙ্খলা বজায় রাখা, ভিতরের ভিড় নিয়ন্ত্রণ এবং মন্দিরের পুজোপার্বণকে আরও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই নতুন বিধি চালু করা হয়েছে বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
রাজ্যে পালাবদলের পর তারাপীঠ মন্দিরে ১৭ সদস্যের এক নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই মন্দিরের বিভিন্ন ব্যবস্থা নিয়ে একের পর এক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। সেই সিদ্ধান্তগুলির অধিকাংশই আজ, শনিবার থেকে কার্যকর। বাকি বেশ কিছু নিয়ম ধাপে ধাপে চালু করা হবে বলে জানান মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায়। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন ভোর ৫টা ৩০ মিনিটে দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত মায়ের মধ্যাহ্ন ভোগ নিবেদনের জন্য গর্ভগৃহে দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। এরপর পুনরায় দর্শন শুরু হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টায় শুরু হবে মা তারার সন্ধ্যা আরতি। আরতি শেষ হওয়ার পর সন্ধ্যা ৭টা থেকে আবার ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। বিশেষ দিন ব্যতীত প্রতিদিন রাত ১০টায় মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে।
দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণে লাইন ব্যবস্থাতেও আনা হয়েছে বড় পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী, ৩০ মিনিট সাধারণ লাইন, ২০ মিনিট ৫০০ টাকার ভিআইপি কুপন লাইন এবং ১০ মিনিট প্রোটোকল লাইন চালু থাকবে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এই তিনটি লাইন ছাড়া আর কোনও বিশেষ লাইন থাকবে না। এ ছাড়াও, স্থানীয় বাসিন্দারা বৈধ পরিচয়পত্র দেখিয়ে মন্দির থেকে বিনামূল্যের পাস সংগ্রহ করে মা তারার দর্শন করতে পারবেন। একই সঙ্গে মন্দিরের পিছনের দরজা দিয়ে প্রবেশ সকলের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় জানান, ”১ শ্রাবণ থেকে তারাপীঠ মন্দিরে নতুন নিয়ম চালু করা হয়েছে। মায়ের পুজোর সময়সূচি, দরজা খোলা ও বন্ধ, ভোগ নিবেদন এবং সন্ধ্যা আরতির নির্দিষ্ট সময় ঠিক করা হয়েছে।”