লাইসেন্স ছাড়া গোহত্যা করে প্রকাশ্যে মাংস বিক্রি! রাজারহাটে গ্রেপ্তার ৬
প্রতিদিন | ১৮ জুলাই ২০২৬
লাইসেন্স ছাড়া গোহত্যা করে প্রকাশ্যে মাংস বিক্রির অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ। রাজারহাটের রাইগাছি এলাকার ঘটনা। শনিবার ধৃতদের বারাসত মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
রাজারহাট থানা সূত্রে জানা গিয়েছে, রাজারহাটের বেশ কয়েকটি এলাকায় প্রকাশ্যে মাংস কাটা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। এই অভিযোগ পাওয়ার পরই এলাকায় অভিযান চালায় পুলিশ। লাইসেন্স ছাড়া বেআইনিভাবে গো হত্যা করে মাংস বিক্রি করার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নিয়ে আসা হয় রাজারহাট থানায়। এরপর আজ তাঁদের পেশ করা হয় বারাসত মহকুমা আদালতে।
এবিষয়ে রাজারহাট নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে রাজ্যে আইনের শাসন লাগু করেছিলেন। এখানে এসব চলবে না। যাঁরা লুকিয়ে, মানুষকে ধমকে, চমকে এসব করতে চাইছেন তাঁরা ছাড় পাবেন না। নিশ্চিন্তে থাকুন।”
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। বিগত সরকারের আমলে শাসকের আইন ছিল। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বেআইনি কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। এবার লাইসেন্স ছাড়া প্রকাশ্যে মাংস বিক্রির বিরুদ্ধেও অভিযান চলছে। বিজেপি শাসিত এই রাজ্যে কোনও রকম বেআইনি কাজই বরদাস্ত করা হবে না বলে জানান বিধায়ক পীযূষ কানোরিয়া।