হোটেল বুকিংয়ে বিরাট কড়াকড়ি! 'এই' ফর্ম ফিলআপ না করলে বিদেশিরা চেক-ইন করতে পারবে না, নিয়ম জানুন
News18 বাংলা | ১৮ জুলাই ২০২৬
জানেন কি ভারতবর্ষে যে কোনও বিদেশি পর্যটক আসলে রয়েছে এক বিশেষ নিয়ম, সেই নিয়ম না মানলে ঠাঁই হবে না দেশের কোনও হোটেলেই। ভারতবর্ষের বিভিন্ন জায়গার পাশাপাশি নদিয়া জেলার মায়াপুর ইসকনে সারা বছরই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিদেশি পর্যটকেরা আসেন। সেই সমস্ত পর্যটকদের ফিল করতে হবে ফর্ম ‘সি’। যদিও এই নিয়ম কোন নতুন নিয়ম নয়, তবে সাম্প্রতিক প্রশাসনের সঙ্গে মায়াপুর সংলগ্ন হোটেলের মালিকদের একটি বৈঠকের পর এই নিয়ম আরও কড়াকড়ি করা হয় বলে জানা গিয়েছে।
মায়াপুরের জেনারেল ডিরেক্টর কৃষ্ণ বিজয় দাস জানান, এই নিয়মটি কোনও নতুন বিষয় নয়, বরং দীর্ঘ বছর ধরে সমগ্র ভারতেই এটি কার্যকর রয়েছে। জানা যায়, পূর্বে এই ফর্মটি কাগজের মাধ্যমে (হার্ড কপি) জমা দিতে হত। তবে ২০১৮-১৯ সাল থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এটিকে সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় রূপান্তর করা হয়েছে। এটি মূলত ভারতের বৈদেশিক আঞ্চলিক নিবন্ধন কার্যালয় বা -এর নির্দেশিকা মেনে পরিচালিত হয়।
ট্যুরিস্ট ভিসায় আসা বিদেশি পর্যটকদের হোটেল, গেস্ট হাউস বা আশ্রমে ওঠার সময় এই ফর্ম ‘সি’ পূরণ করা বাধ্যতামূলক। এটি ছাড়া তাদের ভিসা এক্সটেনশন বা অন্য কোনও আইনি প্রক্রিয়া সম্ভব হয় না। হোটেল বা গেস্ট হাউস কর্তৃপক্ষ এই ফর্ম পূরণ নিশ্চিত করেই তাদের থাকার অনুমতি দেন। নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের কাছে এর ফলে স্পষ্ট তথ্য থাকে যে, কোনও বিদেশি পর্যটক দেশের ঠিক কোন প্রান্তে, কোন হোটেলে বা আশ্রমে অবস্থান করছেন। কোনও জরুরি পরিস্থিতি বা সমস্যা তৈরি হলে, এই ফর্ম সি-এর তথ্যের সূত্র ধরেই সংশ্লিষ্ট গেস্ট হাউস বা হোটেলের সঙ্গে দ্রুত যোগাযোগ ও অনুসন্ধান চালানো সম্ভব হয়।
এই ফর্ম পূরণ করতে গেলে indianfrro.gov.in/frro/FormC ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মায়াপুরে হুলোরঘাট থেকে ইসকন মন্দির পর্যন্ত ৫০ টিরও বেশি হোটেল রয়েছে। বেশ কিছু হোটেলেই বিদেশি পর্যটক ও ভক্তরা থাকেন। রথযাত্রা, দোলযাত্রা, ঝুলনযাত্রা-সহ বিভিন্ন উৎসবের সময় বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এই ব্যবস্থার মাধ্যমে বোঝা যাবে নবদ্বীপ মায়াপুরের হোটেল ও মঠ মন্দিরে কত সংখ্যক বিদেশি পর্যটক রাখার মত ব্যবস্থা আছে। প্রশাসনের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের সমন্বয় আরও সহজ হবে, তাই সকলকেই এই নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।