• 'ডাউন লাইনেও ট্রেন আসছে, খবরই দেননি স্টেশন মাস্টার!' তাঁর ভুলেই দুর্ঘটনা?মুখ খুললেন সেই গেটম্যান
    News18 বাংলা | ১৮ জুলাই ২০২৬
  • গতকাল মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশনের কাছে গোবিন্দপুরে পুলকারে ধাক্কা মারে একটি প্যাসেঞ্জার ট্রেন৷ এই দুর্ঘটনার জন্য প্রাথমিক ভাবে গেটম্যানের ভুলকেই দায়ী করেছিলেন স্থানীয় বাসিন্দারা৷ অভিযোগ গেটম্যান ভুল করে গেট তুলে দেওয়ার কারণে রেল লাইনের উপরে চলে গিয়েছিল ওই পুলকারটি৷ ফলে তীব্র গতিতে ছুটে আসা ট্রেনের সামনে পড়ে যায় স্কুল পড়ুয়া বোঝাই ওই পুলকার৷ নিমেষের মধ্যেই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়ে ছিটকে যায় পুলকারটি৷ দুর্ঘটনায় মৃত্যু হয় গাড়িতে থাকা ৪ জন ছাত্রীর৷ এ ছাড়াও এক সাইকেল আরোহীরও মৃত্যু হয়৷

    এই দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গেটনম্যান অনুপ কুর্মকারের উপরে চড়াও হয়৷ গণধোলাইয়ে পা ভাঙে ওই গেটম্যানের৷ এই মুহূর্তে বহরমপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন তিনি৷ দুর্ঘটনার পর তাঁকে সাসপেন্ড করেছে রেল৷ গ্রেফতার করেছে পুলিশও৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন গেটম্যান অনুপ কর্মকার৷ তাঁর পাল্টা দাবি, এক্সপ্রেস ট্রেন বেরনোর পর যে আরও একটি প্যাসেঞ্জার ট্রেন আসছে, তাঁকে সেই খবরই দেননি স্টেশন মাস্টার৷

    অনুপ কর্মকার বলেন, ‘সকালবেলা আপ লাইনের ট্রেন আর ডাউন লাইনের ট্রেনের নম্বর আমাকে প্রতিদিনের মতো দিয়েছিল৷ এর পর প্রতিদিনই আপ লাইনের ট্রেন স্টেশন থেকে ছাড়ার সময় আমাকে ফোন করে সেই খবর দিতেন কর্ণসুবর্ণের স্টেশন মাস্টার৷ যাতে রেলগেট বন্ধ করি৷ গতকালও আপ লাইনের ট্রেন স্টেশন ছাড়ার সময় আমাকে স্টেশন মাস্টার বলে দিয়েছিলেন৷ কিন্তু ডাউন লাইনেও যে ট্রেন ছাড়ছেন, আমাকে সেই খবর দেননি৷ আর ডাউন লাইনের সিগন্যালও তখন লাল ছিল৷ আপ লাইনের ট্রেন চলে যাওয়ার পর তাই আমি ভাবলাম ডাউন লাইনেও এখনও ট্রেন স্টেশন থেকে ছাড়েনি৷ হাতে ৫- ১০ মিনিট সময় আছে৷ আমি তাই গেট খুলে দিয়েছিলাম৷ আর ট্রেনও কোনও হর্ন দেয়নি৷ কেবিন থেকে ডাউন লাইনে ট্রেন আসছে কি না দেখাও যায় না৷ সবে গেটটা তুলতেই গাড়িটা ঢুকে পড়ে৷ আর তখনই ট্রেনটা চলে আসে৷ প্রতিদিন স্টেশন মাস্টার আমাকে ট্রেন ছাড়ার কথা জানান, কিন্তু গতকাল তিনি ডাউন লাইনে ট্রেন ছাড়ার কথা জানানইনি৷’

    গতকালের এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন, মদ্যপ অবস্থায় থাকার কারণেই ট্রেন যাওয়ার আগেই গেট তুলে দিয়েছিলেন গেটম্যান৷ যদিও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের কর্তৃপক্ষ জানিয়েছে,  ব্রেথ অ্যানালাইজার এবং রক্ত ও মুত্র পরীক্ষা করে ওই গেটম্যানের শরীরে মদের উপস্থিতির কোনও প্রমাণ মেলেনি।
  • Link to this news (News18 বাংলা)