• ‘দময়ন্তী ফিরে আসায় খুব খুশি, আমার মেয়ে যে কবে ফিরবে’, কেঁদেই ফেললেন নিখোঁজ অমৃতার বাবা
    এই সময় | ১৮ জুলাই ২০২৬
  • ঋতভাস চট্টোপাধ্যায়

    দময়ন্তী সেনকে তিনি চেনেন না। তার পরিবারের সঙ্গেও দূরদূরান্তে কোনও সম্পর্ক নেই। কিন্তু হঠাৎ করে সন্তান নিখোঁজ হয়ে গেলে ঠিক কতটা কষ্ট হয়, তা তাঁর চেয়ে ভালো আর কে বুঝবেন! দময়ন্তীর নিখোঁজ হওয়ার খবর জানার পরে তিনিও প্রবল উৎকণ্ঠায় ছিলেন। হাওড়ার বছর পনেরোর কিশোরীকে যেন শীঘ্রই তার মা-বাবাকে ফিরে পান, বার বার সেই প্রার্থনাও করেছেন। অবশেষে দময়ন্তী ঘরে ফেরায় খুশি বীরভূমের সেই নিখোঁজ তরুণী অমৃতা সিনহার বাবা অর্ধেন্দু সিনহা।

    উচ্ছ্বসিত হয়ে কেঁদেও ফেললেন বৃদ্ধ। বলেন, ‘দময়ন্তীকে আমি চিনি না। কিন্তু ওকে খুঁজে পাওয়া গিয়েছে শুনে ভীষণ ভালো লাগছে। আসলে মেয়ে কোথাও হারিয়ে গেলে কেমন কষ্ট হয়, সেটা তো হাড়ে হাড়ে বুঝি।’ তার পরেই অর্ধেন্দুর আক্ষেপ, ‘আমার মেয়েটাকে যে কবে খুঁজে পাব, কে জানে! কবে যে বাড়ি ফিরে এসে আমার চোখের জল মুছিয়ে দেবে। কবে যে জড়িয়ে ধরে বলবে, বাবার আর কেঁদো না, আমি চলে এসেছি।’ বৃদ্ধ বাবার দৃঢ় বিশ্বাস, তাঁর মেয়েও শীঘ্রই ফিরে আসবে। তবে যত ক্ষণ না অমৃতা ঘরে ফিরছেন, তত ক্ষণ তিনি লড়াই চালিয়ে যাবেন বলেই জানান অর্ধেন্দু।

    মাস চারেক আগে ঠিক যে ভাবে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন অমৃতা, দময়ন্তীও একই ভাবেই নিখোঁজ হয়েছিল দিন দুয়েক আগে। হাওড়ার স্টেশনে তাকে শেষ বার দেখা গিয়েছিল। তার পরে আর হদিশ মেলেনি কিশোরীর। পরে অবশ্য পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পারে, ঘুরতে ঘুরতে শ্রীরামপুরে পৌঁছে গিয়েছে দময়ন্তী। সে কথা কিশোরীর বাবা ধ্রুবজ্যোতি সেন এবং মা মৌমিতাকে জানানো হয়। তার পরেই শনিবার সকালে হাওড়ার রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট থেকে খুঁজে পাওয়া যায় অমৃতাকে। অর্ধেন্দু বলেন, ‘শুনেছি দময়ন্তী মেধাবি। ও সুস্থ থাকুক। অনেক উন্নতি করে মা-বাবার মুখ উজ্জ্বল করুক এই প্রার্থনাই করি।’

    শুক্রবার রাত্রে সিউড়িতে অর্ধেন্দুর বাড়িতে গিয়েছিলেন সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায়। বাড়িতে গিয়ে অমৃতার মা-বাবার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। খতিয়ে দেখেন বেশ কিছু নথিও। পুলিশ সূত্রে খবর, যদিও সেই ভাবে নতুন কোনও সূত্র মেলেনি, যা দিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়। অর্ধেন্দু বলেন, ‘অমৃতাকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করার আশ্বাস দিয়েছেন সিউড়ি থানার আইসি।’

  • Link to this news (এই সময়)