আজকাল ওয়েবডেস্ক: কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ির ‘চিকেনস নেক’ করিডোরের নিরাপত্তা আরও জোরদার করতে উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠকে উপস্থিত রয়েছেন করিডোর-সংলগ্ন জেলার প্রশাসনিক কর্তারা, বিভিন্ন নিরাপত্তা বাহিনীর শীর্ষ আধিকারিক এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।
প্রশাসনিক সূত্রের খবর, দেশের নিরাপত্তার নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডরকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শত্রুপক্ষেপ সম্ভাব্য হুমকির পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকিও বিবেচনায় রেখে নজরদারি আরও কড়া করার ওপর জোর দিয়েছে কেন্দ্র।
করিডর জুড়ে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। সূত্রের দাবি, অতীতে এই করিডর ব্যবহার করে গরু, কয়লা, সোনা ও মানবপাচারের মতো একাধিক বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ সামনে এসেছে।
সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার চোরাচালান ও অপরাধমূলক কার্যকলাপ সম্পূর্ণরূপে রুখে দিতে কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্র। সংশ্লিষ্ট সমস্ত সংস্থাকে এই বিষয়ে কড়া নির্দেশও দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
সীমান্ত ও করিডর এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সংস্থার সমন্বয় আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, চিকেনস নেক করিডরের নিরাপত্তা এবং চোরাচালান রোধে এবার কার্যত ‘জিরো টলারেন্স’ নীতিতেই এগোতে চাইছে কেন্দ্র।