• চাকরি যাওয়ার অবসাদে নিজেকে শেষ করলেন শিক্ষিকা
    আজকাল | ১৯ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আদালতের রায় অনুযায়ী ৩১ আগস্ট পর্যন্ত ছিল চাকরির মেয়াদ। সেই অবসাদ থেকেই এবার আত্মহত্যার পথ বেছে নিলেন ২০১৬ সালের এসএসসি প্যানেলের এক ‘যোগ্য চাকরিহারা শিক্ষিকা’।

    বছর ৩৪-এর শিক্ষিকা ঈপ্সিতা দাস মহাপাত্র ২০১৬ সালের এসএসসিতে চাকরি পেয়েছিলেন। বাংলার শিক্ষিকা ছিলেন তিনি। কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের রায়ে ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে যায় যার মধ্যে ছিল ঈপ্সিতার নামও।

    পরে নতুন করে পরীক্ষার কথা ঘোষণা করা হলেও এসএলএসটি পরীক্ষায় খুব একটা ভাল ফল হয়নি তাঁর। আর মাত্র এক মাস পরে চাকরির কী হবে সেই অবসাদ থেকে বৃহস্পতিবার একসঙ্গে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নেন তিনি।

    আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের তরফে। কিন্তু শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ঈপ্সিতার পরিবারে। ঘটনায় মুখ খুলেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চও।

    প্রেস বিবৃতিতে তাদের তরফে জানানো হয়েছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও চাকরি হারানোর পর চরম মানসিক অবসাদ, অনিশ্চয়তা ও হতাশার কারণে একাধিক শিক্ষক-শিক্ষিকা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

    প্রতিটি এমন মৃত্যু সরকার, প্রশাসন, শিক্ষা ব্যবস্থা এবং বিচারব্যবস্থার কাছে গভীর আত্মসমালোচনার বিষয়। একাধিক দাবি করে জানানো হয়, ১)- ২০১৬ সালের SLST-এর যোগ্য ও নিরপরাধ শিক্ষক-শিক্ষিকাদের পুনর্বহালের বিষয়ে অবিলম্বে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।২)- দীর্ঘদিন ধরে চলতে থাকা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে তাঁদের চাকরি ও ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে।৩)- ক্ষতিগ্রস্ত শিক্ষক-শিক্ষিকাদের জন্য জরুরি মানসিক সহায়তা ও মানবিক পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।৪)- প্রয়াত শিক্ষিকার পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে হবে।

    আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক মেহেবুব মণ্ডল বলেন, ‘আমরা আবেদন রাখছি ২০১৬ সালের চাকরি হারা নিষ্পাপ নিরপরাধ শিক্ষক শিক্ষিকেদের ফিরিয়ে আনার জন্য যা যা প্রয়াস সরকারের হাতে রয়েছে, ফিরিয়ে আনার যা যা পথ তাদের হাতে রয়েছে সেগুলো তারা অ্যাপ্লাই করুক এবং আমাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করুক। এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এই দুর্বিষহ যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন বা মারা গিয়েছেন তাদের পরিবারের প্রতিও যাতে সরকার দৃষ্টি দেন সেই অনুরোধ সেই আবেদন সরকারের কাছে আমাদের পক্ষ থেকে থাকল।’
  • Link to this news (আজকাল)