দিঘায় রথের শোভাযাত্রায় ভয়ঙ্কর ঘটনা, চার মহিলার একই অভিযোগ... সঙ্গে সঙ্গে 'অ্যাকশন' পুলিশের
News18 বাংলা | ১৯ জুলাই ২০২৬
রথযাত্রার ভিড়ে পর্যটকদের গলা থেকে সোনার চেন চুরির অভিযোগের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বড় সাফল্য পেল দিঘা থানার পুলিশ। চারটি চুরি যাওয়া সোনার চেন উদ্ধার করার পাশাপাশি হুগলির ব্যান্ডেল এলাকার চার মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ জুলাই রথযাত্রার দিন দিঘা থানায় চারজন মহিলা পর্যটক অভিযোগ করেন যে, রথযাত্রার শোভাযাত্রার ভিড়ের সুযোগ নিয়ে তাঁদের গলা থেকে সোনার চেন চুরি করা হয়েছে। বিপুল জনসমাগমের মধ্যেও অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে দিঘা থানার পুলিশ।সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থলের তথ্য এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে সন্দেহভাজনদের চিহ্নিত করে অভিযান চালানো হয়। সেই অভিযানে হুগলি জেলার ব্যান্ডেল এলাকার চার মহিলাকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে চুরি যাওয়া চারটি সোনার চেন উদ্ধার করে পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৭ জুলাই তাঁদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই চুরির ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে দিঘা থানার পুলিশ।
রথযাত্রা উপলক্ষে পর্যটন নগরী দিঘায় হাজার হাজার ভক্ত ও পর্যটকের সমাগম হয়েছে। সেই ভিড়ের সুযোগ নিয়ে একটি মহিলা চক্র চুরির ঘটনা ঘটানোর চেষ্টা করলেও, দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এদিকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে পর্যটক ও জগন্নাথদেবের ভক্তদের উদ্দেশে আবেদন জানানো হয়েছে, ধর্মীয় উৎসব, মেলা বা জনসমাগমে অংশ নেওয়ার সময় মূল্যবান সামগ্রী সম্পর্কে সতর্ক থাকতে।