• দমাতে পারেনি অ্যাসিড হামলাও, ৮৯-এ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার স্ত্রী চেন্নাম্মা
    এই সময় | ১৯ জুলাই ২০২৬
  • প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার স্ত্রী চেন্নাম্মা দেবগৌড়া (৮৯)। শনিবার বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। আগামী সোমবার জন্মভূমি হাসনে তাঁর শেষকৃত্য করা হবে বলে দেবগৌড়ার পরিবার সূত্রে খবর।

    গত বুধবার শ্বাসকষ্ট, বুকে সংক্রমণ এবং বার্ধক্যজনিত সমস্যা নিয়ে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল চেন্নাম্মাকে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রথমে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শনিবার বিকেল ৪টা নাগাদ আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর।

    চেন্নাম্মার জন্ম কর্নাটকের হাসান জেলার মুত্তিগে হিহাল্লি গ্রামে। ১৯৫৪-র ২৫ মে এইচডি দেবেগৌড়ার সঙ্গে চারহাত এক হয় তাঁর। তখন চেন্নাম্মার বয়স ছিল ১৭, আর দেবেগৌড়ার ২১। সেই বছরই দেবেগৌড়ার রাজনৈতিক জীবনেরও সূচনা হয়েছিল। চার ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনিদের নিয়ে ভরা সংসার ছিল চেন্নাম্মার। টানা ৭২ বছরের দাম্পত্য জীবনে অটল ভাবে স্বামীর পাশে দাঁড়িয়ে ছিলেন চেন্নাম্মা।

    দেবগৌড়া পরিবার সূত্রে জানানো হয়েছে, রবিবার সকালে বেঙ্গালুরুর পদ্মনাভনগরের বাসভবনে রাখা থাকবে চেন্নাম্মার দেহ। তার পরে মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর জন্মভিটে হাসনে। সোমবার সেখানেই শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।

    চেন্নাম্মার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মোদী ফোনে দেবেগৌড়ার সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছেন। শোকবার্তা দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াও।

    ২০০১-এর ২১ ফেব্রুয়ারি শিবরাত্রিতে মন্দিরে পুজো দিতে গিয়ে অ্যাসিড হামলার শিকার হয়েছিলেন চেন্নাম্মা এবং তাঁর পুত্রবধূ। চেন্নাম্মার শরীরের ৭০ শতাংশই পুড়ে গিয়েছিল। প্রায় দু’মাস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে জানা যায়, পারিবারিক বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছিল। তবে এত বড় বিপর্যও তাঁকে দমাতে পারেনি। ফের স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। অবশেষে নিভল তাঁর জীবনদীপ।

  • Link to this news (এই সময়)