হারানো মিটারগেজ লাইনের পথে ব্রডগেজ! কী বড় পরিকল্পনা চলছে? ডুয়ার্সের বুক চিরে ফিরছে রেল! ডুয়ার্সে নতুন রেল প্রকল্পের ইঙ্গিত, বাড়ছে পর্যটনের আশা। নকশাল–ঝালং–বিন্দুতে নতুন পর্যটনের দিগন্ত, উচ্ছ্বসিত উত্তরবঙ্গ। একসময় জঙ্গলের ভিতর দিয়ে চলত মিটারগেজ রেলপথ। সেই হারিয়ে যাওয়া রেল যোগাযোগই এবার নতুন করে ফিরতে পারে ডুয়ার্সের বুকে চালশা থেকে চাপরামারী জঙ্গল পেরিয়ে নকশাল পর্যন্ত সম্ভাব্য রেললাইন নির্মাণ ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের পর্যটন ও অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ইতিমধ্যেই কালিম্পং জেলার নকশাল, ঝালং ও বিন্দু এলাকায় পর্যটকদের ভিড় বাড়ছে। সম্প্রতি উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ায় এই অঞ্চলগুলিতে পৌঁছনো অনেক সহজ হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাত ধরে উদ্বোধন হওয়া কৌশলগত সড়ক সীমান্তবর্তী এলাকায় যোগাযোগকে আরও শক্তিশালী করেছে। ফলে পর্যটনের পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে নতুন করে রেলপথ চালুর সম্ভাবনা সামনে আসায় আশাবাদী স্থানীয় বাসিন্দারা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদের তরফে সম্প্রতি এই প্রকল্পের কথা উল্লেখ করা হয়।
এরপর থেকেই এলাকায় বাড়ছে উৎসাহ। বাসিন্দাদের মতে, রেলপথ চালু হলে ডুয়ার্স, শিলিগুড়ি ও কালিম্পংয়ের মধ্যে যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে।আলিপুরদুয়ার রেল ডিভিশনের ডিআরএম দেবেন্দ্র সিং জানিয়েছেন, অতীতে এই এলাকায় মিটারগেজ রেললাইন ছিল। ভবিষ্যতে সেই পথেই ব্রডগেজ রেললাইন তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। বনদফতরের সঙ্গে সমন্বয় রেখে পরিবেশের ভারসাম্য বজায় রেখে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা চলছে।
এদিকে, নকশাল ভিউ পয়েন্ট ইতিমধ্যেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। নতুন সড়ক ভবিষ্যতে সিকিম সীমান্ত পর্যন্ত বিস্তৃত হলে এই অঞ্চলের গুরুত্ব আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। একদিকে, উন্নত সড়ক আরেকদিকে, সম্ভাব্য রেল যোগাযোগ ঘিরে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাকে পর্যটন ও অর্থনীতির নতুন হাব হিসেবে গড়ে তোলার ইঙ্গিত মিলছে