নতুন বাড়িতে বিদ্যুৎ আসবে। সবাই আনন্দে ছিলেন। কিন্তু বিদ্যুতের কাজ চলাকালীন শর্ট সার্কিট থেকে একই পরিবারের তিন জনের মৃত্যুর অভিযোগ উঠল। শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার কুমারপুর গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন সিরাজ মল্লিক (৪৩), তাঁর স্ত্রী আলিয়া বিবি (৪১) এবং তাঁদের ১২ বছরের ছেলে আনাস আলম মল্লিক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বাংলা আবাস যোজনায় নতুন বাড়ি তৈরি করেছিলেন সিরাজ। এ দিন রাতে সেই বাড়িতে নিজেরাই বিদ্যুত সংযোগের কাজ করছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তখনই শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন সিরাজ। তাঁকে বাঁচাতে ছুটে যান তাঁর স্ত্রী আলিয়া। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। চোখের সামনে মা-বাবাকে যন্ত্রণায় ছটফট করতে দেখে বাঁচাতে যায় আনাস। কিন্তু মুহূর্তের মধ্যে সে-ও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তিন জনের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই সিরাজদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ। ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটল, বিদ্যুতের তার বা সংযোগে কোনও ত্রুটি ছিল কি না, বিদ্যুৎ সংযোগ বৈধভাবে নেওয়া হয়েছিল নাকি অস্থায়ী সংযোগ ব্যবহার করা হচ্ছিল—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে দাবি পুলিশের।
নতুন বাড়িতে ওঠার স্বপ্ন নিয়েই দিন গুনছিল পরিবারটি। কিন্তু সেই স্বপ্নই মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হল। চোখের সামনে একসঙ্গে স্বামী, স্ত্রী ও সন্তানের মৃত্যুতে স্তব্ধ কুমারপুর গ্রাম। শোকে ভেঙে পড়েছেন প্রতিবেশী ও আত্মীয়রা।