• উদ্ধবের ৬ সাংসদের দলবদলকে স্বীকৃতি, বাদল অধিবেশনের আগে আরও শক্তিবৃদ্ধি NDA-র
    এই সময় | ১৯ জুলাই ২০২৬
  • লোকসভার বাদল অধিবেশনের আগে বড় ধাক্কা খেল উদ্ধব ঠাকরের শিবসেনা। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবিরে যোগ দেওয়া ৬ সাংসদের দলবদলকে স্বীকৃতি দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। অধিবেশন কক্ষে তাঁদের জন্য আলাদা বসার আসনও বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে বাদল অধিবেশনের আগে এনডিএ শিবিরের শক্তি বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

    দীর্ঘ টানাপোড়েনের পর গত মাসে (জুন মাসে) উদ্ধবের হাত ছেড়ে শিন্ডে শিবিরে যোগ দেন সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, ভাউসাহেব ওয়াকচৌরে, নাগেশ পাটিল আস্তিকার এবং ওমপ্রকাশ রাজে নিম্বালকর। এর ফলে শিন্ডের শিবসেনার সাংসদ সংখ্যা ৭ থেকে বেড়ে হলো ১৩। অন্য দিকে, উদ্ধব ঠাকরের দলের সাংসদ সংখ্যা নেমে এল ৩-এ।

    উদ্ধবের ৬ সাংসদ শিন্ডে শিবিরে যোগ দিতেই সরব হয়েছিল বিরোধী শিবির। তাদের দাবি ছিল, দলের সাংগঠনিক কাঠামোর দুই-তৃতীয়াংশের সমর্থন না থাকলে ভাঙনকে স্বীকৃতি দেওয়া সংবিধান সম্মত নয়। পাশাপাশি এর পিছনে ঘোড়া কেনাবেচা হয়েছে বলেও অভিযোগ তুলেছিলেন কেউ কেউ। তবে শিন্ডে আগেই জানিয়ে দিয়েছিলেন, সমস্ত সাংবিধানিক ও আইনি প্রক্রিয়া মেনেই সংযুক্তি হয়েছে। আর্থিক লেনদেনের অভিযোগও উড়িয়ে দিয়েছিলেন তিনি। এ দিন কার্যত তাঁর দাবিতেই সিলমোহর পড়ল।

    শিন্ডে শিবসেনার শক্তিবৃদ্ধি হওয়ায় এনডিএর সংখ্যাও বাড়ল। লোকসভার সচিবালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স-এর মোট সাংসদ সংখ্যা ৩১৮ জন। সেখানে কংগ্রেস-সহ বিরোধী INDIA জোটের সাংসদ সংখ্যা দাঁড়িয়েছে ১৮১ জনে। উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি)-র ৬ জন সাংসদ শিন্ডে শিবিরে চলে যাওয়ায় জোটের শক্তি কমেছে। আর অন্যান্য দলের মোট সাংসদ সংখ্যা এখন ৪১ জন।

    বর্তমানে লোকসভার মোট সদস্য সংখ্যা ৫৪০। তিনটি আসন শূন্য রয়েছে। ফলে সংবিধান সংশোধনী বিল পাশ করাতে কেন্দ্রীয় সরকারের ৩৬০ জন সাংসদের সমর্থন প্রয়োজন। সংশোধিত তালিকায় দেখা গিয়েছে, শরদ পাওয়ারের এনসিপি (শরদচন্দ্র পাওয়ার)-কেও পৃথক সংসদীয় দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাদের সাংসদ সংখ্যাও ২০ জন বেড়েছে। লোকসভার বাদল অধিবেশনের আগে স্পিকারের এই সিদ্ধান্তে দুই শিবসেনার দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ে শিন্ডে শিবিরের বড় জয় হলো বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে শক্তি বাড়ল এনডিএ-রও।

  • Link to this news (এই সময়)