এই সময়: শুটিংয়ের সময়ে ওডিশার তালসারিতে সমুদ্রে ডুবে মাত্র ৪৩ বছর বয়সে মারা যান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেটা ২৯ মার্চ। নায়ক হিসেবে রাহুল অভিনীত শেষ সিনেমা ‘ছবিওয়ালা।’ সেই ছবির অংশ এ বার দেখানো হলো দক্ষিণ শহরতলির সেই নাকতলা হাইস্কুলে, যেখানে রাহুল বেড়ে উঠেছিলেন, যেখানে তাঁর আকাশ ছোঁয়ার স্বপ্ন লালিত হয়েছিল। স্কুলের বর্তমান ও প্রাক্তন পড়ুয়া ও শিক্ষকদের জন্য ওই ছবির অংশ প্রদর্শিত হয়েছে, স্ক্রিনে দেখানো হয়েছে রাহুলের অভিনয় নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় ও টলিউডের আরও অনেকের কথা। শুক্রবার, ১৭ জুলাই দুপুরে নাকতলা হাইস্কুলের দীপককুমার ঘোষ সভাকক্ষে আয়োজিত হয় প্রাক্তনী রাহুলের স্মরণে ওই অনুষ্ঠান।
‘ছবিওয়ালা’র পরিচালক বাপ্পা বসাকের কথায়, ‘এটা কিন্তু ছবির ট্রেলার প্রদর্শন ছিল না। নায়ক হিসেবে রাহুল অরণোদয়ের এটাই শেষ ছবি। নায়কের ভূমিকায় স্কুলের প্রাক্তনীর অভিনয়ের কথা টুকু পৌঁছে দিতেই আমরা নাকতলা হাইস্কুলে গিয়েছিলাম।’ সপ্তাহ খানেক আগে একই ভাবে রাহুলের পাড়া, বিজয়গড়ের নিরঞ্জন সদনে একটি রক্তদান শিবিরে স্থানীয়দের কাছে নায়ক হিসেবে রাহুলের শেষ অভিনয়ের কথা পৌঁছে দেন বাপ্পা ও তাঁর সহযোগীরা। বাপ্পা জানান, কাকতালীয়, ঘটনাচক্র যা–ই বলা হোক, ‘ছবিওয়ালা’–র ক্ষেত্রে রিল অ্যান্ড রিয়েল মিলেমিশে একাকার। ছবিতে রাহুল এক স্টিল ফোটোগ্রাফারের চরিত্রে। স্বীকৃতি না–পাওয়া এক জন ফোটোগ্রাফার। শেষমেশ যখন তাঁর স্বীকৃতি এল, তখনই তিনি জলে ডুবে আত্মহত্যা করেন। অদ্ভুত সমাপতন। আত্মহত্যা নয়, তবে রিয়েল লাইফে রাহুলও না–ফেরার দেশে চলে যান জলে ডুবে। এখানেই অভিনেতা রাহুলের রিল লাইফ আর রিয়েল লাইফ মিলে যাচ্ছে একই বিন্দুতে। ‘ছবিওয়ালা’–য় রাহুলের নায়িকা দেবলীনা দত্ত। তিনিও ছিলেন নাকতলা হাইস্কুলের অনুষ্ঠানে।
নাকতলা হাইস্কুলে রাহুলের স্কুলের বন্ধু, চিকিৎসক অরিজিৎ সেন–সহ অনেকেই স্মৃতিচারণা করেন অকালে চলে যাওয়া বন্ধুর সঙ্গে তাঁদের সম্পর্কের। ছাত্র রাহুলের কথা বলেন প্রাক্তন প্রধান শিক্ষক ভূদেব মজুমদার ও অতীন দাস। কলোনির জীবন নিয়ে লেখা রাহুল অরুণোদয়ের একটি বই স্কুলের লাইব্রেরিতে রাখার জন্য তুলে দেওয়া হয় বর্তমান প্রধান শিক্ষিকা মায়া মণ্ডলের হাতে। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের বর্তমান শিক্ষক সুদীপ্ত সরকার। ‘অঙ্ক কি কঠিন’ নামে একটি ছোটগল্প লিখেছিলেন রাহুল অরুণোদয়। সেই গল্পের নাট্যরূপ দিয়েছেন স্কুলের প্রাক্তন শিক্ষক মৃণ্ময় ঘোষ। শুক্রবারের অনুষ্ঠানে নাটকটিতে অভিনয় করেন স্কুলের কয়েক জন পড়ুয়া। যাদের মধ্যে রাহুল থাকছেন, থেকে যাবেন।