• অশোকনগরে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, ধৃত মহিলা
    আজকাল | ১৯ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ব্যাগে তল্লাশি করেই পুলিশের চক্ষু চড়কগাছ। অশোকনগর থানা এলাকা থেকে এক মহিলার ব্যাগ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল সিআইডির বিশেষ দল। উত্তর ২৪ পরগনার অশোকনগরে রবিবার সকালে এভাবেই বড়সড় অস্ত্র পাচারচক্রের হদিস পেল সিআইডি। 

    এদিন সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অশোকনগর থানার ৮ নম্বর মোড় এলাকায় সিআইডি ও অশোকনগর থানার যৌথ অভিযানে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম পূজা বিশ্বাস (৪৬)। তিনি হাবরা এলাকায় ভাড়া থাকেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

    তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, নৈহাটি রোড ধরে অশোকনগর হয়ে একটি ম্যাজিক গাড়িতে আসছিলেন তিনি। ৮ নম্বর মোড়ের কাছে ওই গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় মহিলার ব্যাগ থেকে উদ্ধার হয় ছয়টি আগ্নেয়াস্ত্র, পাশাপাশি চারটি সাত এমএম এবং দুটি নয় এমএম পিস্তল রয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে ১২টি ম্যাগাজিন, প্রায় ২০০ রাউন্ড তাজা কার্তুজ, ১২ হাজার টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন। ধৃতের কাছ থেকে বিহারের জামালপুরের একটি ট্রেনের টিকিটও উদ্ধার হয়েছে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূজা বিশ্বাসের বিরুদ্ধে এর আগেও দত্তপুকুর থানায় মামলা ছিল এবং তিনি পূর্বে গ্রেপ্তার হয়েছিলেন। প্রাথমিক তদন্তে সিআইডির অনুমান, বিহারের মুঙ্গের এলাকা থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র এনে হাবরা এলাকায় বিক্রির পরিকল্পনা ছিল। সেই সূত্র ধরেই আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্রের যোগ খতিয়ে দেখা হচ্ছে। 

    এদিন সিআইডির পাঁচ সদস্যের বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। তদন্তকারীদের ধারণা, বিহার থেকে নৈহাটি হয়ে হাবরায় পৌঁছনোর আগেই ধৃতকে আটক করা সম্ভব হয়েছে। এই বিপুল পরিমাণ অস্ত্র কার কাছে পৌঁছনোর কথা ছিল, এর সঙ্গে আর কারা জড়িত এবং জেলার মধ্যে কোনও বড় অস্ত্র পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

    রবিবার ছুটির দিন সকালেই এলাকায় সিআইডির এই অভিযানের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজের ফরেনসিক পরীক্ষা-সহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে। পাশাপাশি বিহার যোগ এবং অস্ত্র পাচার নেটওয়ার্কের সন্ধানেও তদন্ত করবে সিআইডি বলে জানিয়েছে। ধৃত মহিলাকে এদিনই বারাসত কোর্টে পেশ করা হবে। বন্দুকগুলি দেশীয় বন্দুক বলে জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)