: বসিরহাটে টুরিস্ট বাসের ধাক্কায় মৃত্যু মহিলার, আশঙ্কাজনক স্বামী ও পুত্র। উত্তর ২৪ পরগনার বসিরহাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। গুরুতর জখম হয়েছেন তার স্বামী ও ১১ বছরের পুত্র। শনিবার রাতে বসিরহাটের সাকচুড়া-মধ্যমপুর টাকি রোডে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাকচুড়া বাগুন্ডি কাটাকাটি এলাকার বাসিন্দা ৩৮ বছরের তাসমিনা বিবি, তার স্বামী ৪৮ বছরের আলমগীর মিস্ত্রী এবং ১১ বছরের ছেলে একটি অনুষ্ঠানবাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি কলকাতাগামী টুরিস্ট বাস তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা মারে।
ধাক্কার অভিঘাতে রাস্তার উপর ছিটকে পড়েন তিনজন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাসমিনা বিবিকে মৃত বলে ঘোষণা করেন। আলমগীর মিস্ত্রী ও তার ছেলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাসপাতালে আহতদের পরিবারের সদস্য ও আত্মীয়রা ভিড় জমাতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টাকি রোডে রাতের বেলায় প্রায়ই বেপরোয়া গতিতে বাস চলাচল করে, ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।
দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন ঘাতক বাসটিকে আটক করে রাখেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। বাসচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাসটিকে আটক করা হয়েছে। প্রাথমিক অনুমান, বাসটি দ্রুত গতিতে চলছিল। অতিরিক্ত গতির জেরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে সজোরে ধাক্কা মারে। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।