• ‘ওকে শেষ করে দিয়েছি’, প্রাক্তন লিভ-ইন সঙ্গীকে ‘খুন’, হবু স্বামীকে ফোন যুবকের!
    প্রতিদিন | ১৯ জুলাই ২০২৬
  • লিভ-ইন সঙ্গীকে ডেকে নিয়ে খুন! ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ। তরুণীর হবু স্বামীকে ফোন করে জানান, ওকে শেষ করে দিয়েছি। ঘটনাস্থলেই মৃত্যু তরুণীর। তার থেকে কিছুটা দূরে উদ্ধার যুবকেরও ঝুলন্ত দেহ। হাড়হিম কাণ্ডটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম বৈষ্ণবী আওয়াড়। বয়স ২০। বৈষ্ণবী বেশ কিছু দিন সাহিল লাভারের সঙ্গে লিভইনে ছিলেন। কিন্তু গত কয়েকমাস ধরে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। সাহিলের সঙ্গ ছেড়ে ইন্দিরানগর থেকে নাসিকে চলে যান তরুণী। যুবকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। এদিকে তাঁর বিয়েও ঠিক হয়ে যায়।

    এর মাঝেই শুক্রবার রাতে নাসিকে পৌঁছয় সাহিল। দেখা করার জন্য ডাকে বৈষ্ণবীকে। ঘটনাস্থলেই তাঁদের ঝামেলা বাঁধে। তর্কাতর্কি শুরু হয়। বৈষ্ণবী তাঁর হবু স্বামীকে ফোন করে জানান, ‘সাহিল এসেছে তুমি তাড়াতাড়ি চলে এসো’। অভিযোগ এরপরই যুবক ধারালো অস্ত্র দিয়ে তরুণীকে কোপাতে থাকে। ফোনের ওপারে থাকা তরুণীর হবু স্বামীকে জানায়, সে বৈষ্ণবীকে খুন করেছে। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। তল্লাশির সময় ঘটনাস্থল থেকে কিলোমিটার খানেক দূরের একটি গাছে অভিযুক্ত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অনুমান, খুন করার পর সে আত্মঘাতী হয়েছে। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)