আমেদাবাদ: গুজরাতের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। মৃত্যু হল অন্তত ৯ জনের। গুরুতর আহত অন্তত ৬ জন শ্রমিক। শনিবার আমেদাবাদের রামোল এলাকার এই ঘটনায় আহতদের অনেকের শারীরিক অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রামোল-গাতরাড় সড়ক সংলগ্ন ওই বাজি কারখানায় এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনা ঘটে। কোনোভাবে মজুত বাজির মশলায় আগুন লাগে। বিস্ফোরণে কেঁপে ওঠে কারখানা। সঙ্গে সঙ্গে পুরো কারখানা চলে যায় আগুনের কবলে। ৮ জন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশের র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ) ও দমকল। শুরু হয় উদ্ধার অভিযান। যুগ্ম পুলিশ কমিশনার জয়পাল সিং রাঠোর জানিয়েছেন, কোনো লাইসেন্স ছাড়াই কারখানাটি চলছিল। ওই কারখানার মালিকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আমেদাবাদের দুর্ঘটনায় মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। স্থানীয় প্রশাসন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবরকমভাবে সহায়তা করছে।’ কেন্দ্রের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন।