• বিশ্বকাপের ফাইনাল দেখাতে চার শহরে জায়ান্ট স্ক্রিন বসাচ্ছে প্রশাসন
    বর্তমান | ১৯ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ফুটবলপ্রেমীদের ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখাতে উত্তর দিনাজপুর জেলার চার পুরসভা এলাকায় জায়ান্ট স্ক্রিন বসাতে চলেছে প্রশাসন। ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে করা হচ্ছে এই ব্যবস্থাপনা। আজ, রবিবার রায়গঞ্জ শহরে ঘড়িমোড়, কালিয়াগঞ্জ পুরসভা অফিস চত্বর, ডালখোলা পুরসভার অধীন মিলন সংঘ ক্লাবের মাঠ এবং ইসলামপুর পুর এলাকার মধ্যে ইসলামপুর বাস টার্মিনাসে বসানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন। যার মাধ্যমে একেবারে মধ্যরাতে উৎসবের আকারে বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা। রবিবার মধ্যরাতে ফিফা বিশ্বকাপে আমেরিকার নিউইয়র্ক নিউজার্সি মেটলাইফ স্টেডিয়ামে স্পেন বনাম আর্জেন্টিনার দ্বৈরথ হবে। তার আগে ফুটবলপ্রেমীদের মধ্যে রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে। বিভিন্ন দোকান থেকে মূলত আর্জেন্টিনার জার্সি, গেঞ্জি সংগ্রহ করা শুরু হয়েছে। ফাইনাল দেখার তোড়জোড় শুরু হয়েছে বিভিন্ন ক্লাবেও। অনেকেই একসঙ্গে রাত জেগে খেলা দেখার পরিকল্পনা নিয়ে ফেলেছেন। এই অবস্থায় ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর উদ্যোগে খুশি সকলে। জেলা প্রশাসন সূত্রে খবর, প্রত্যেক জেলাকে এজন্য রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর ১ লক্ষ টাকা বরাদ্দ করেছে। তারপরই উত্তর দিনাজপুর জেলা প্রশাসন জেলার চার পুর এলাকার চার জায়গায় জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখানোর ব্যাপারে তোড়জোড় শুরু করেছে। সেইসঙ্গে যাতে সুষ্ঠুভাবে বিশ্বকাপ ম্যাচ প্রদর্শন পর্ব মেটে, তার জন্য পুলিশকেও তৎপর থাকতে বলা হচ্ছে প্রশাসনের তরফে। জেলা প্রশাসন সূত্রে খবর বর্ষার জন্য রবিবার সকালে জায়ান্ট স্ক্রিন লাগানো হবে সংশ্লিষ্ট জায়গাগুলিতে। এছাড়াও বিভিন্ন ক্লাবেও বড়ো বড়ো টিভি ভাড়া করার হিড়িক দেখা যাচ্ছে। যাতে একসঙ্গে অনেকে খেলা দেখতে পারেন।
  • Link to this news (বর্তমান)