• সীমান্ত-চিকেনস নেকের নিরাপত্তাই মূল লক্ষ্য, বৈঠকে স্পষ্ট করলেন শাহ, অনুপ্রবেশ ইস্যুতে ‘জিরো টলারেন্স’
    বর্তমান | ১৯ জুলাই ২০২৬
  • সুব্রত ধর, শিলিগুড়ি: বাংলাদেশ সীমান্তে শক্তি বৃদ্ধি বিএসএফের। এজন্য শনিবার নতুন ১৪টি বিওপি উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে তিনি সীমান্তে স্মার্ট ফেন্সিং, মহিলা বারাকের উদ্বোধন ও শিলান্যাস করেন। জঙ্গি অনুপ্রবেশ ও জেহাদি কার্যকলাপ রুখতে এবং চিকেনস নেক শিলিগুড়ির সুরক্ষায় কেন্দ্রীয় সরকার এমন পদক্ষেপ নিয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এদিন সকালে রাজগঞ্জ ব্লকের জুম্মাগছ সীমান্তে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সেখানে বিএসএফের সৈনিক সম্মেলনে যোগ দেন। তিনি ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ পুলিশ, প্রশাসন ও বিএসএফের অফিসাররা। এখান থেকেই বিওপি, স্মার্ট ফেন্সিং, বারাক প্রভৃতির উদ্বোধন ও শিলান্যাস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর শিলিগুড়িতে বিভিন্ন নিরাপত্তা সংস্থা, সেনা এবং কেন্দ্রীয় এজেন্সির কর্তাব্যক্তিদের সঙ্গে সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে জরুরি বৈঠকেও অংশ নেন শাহ। অনুপ্রবেশ ইস্যতে কেন্দ্রের ‘জিরো টলারেন্স’ নীতিও স্পষ্ট করেন তিনি। এরই পাশাপাশি রাজ্যে লাগু হওয়া তিনটি নতুন আইন এবং জন্ম-মৃত্যু নিবন্ধীকরণের নয়া পদ্ধতি সম্পর্কিত একটি বৈঠকেও অংশ নেন তিনি। উত্তরবঙ্গ সফর শেষে এদিন রাতেই কলকাতায় ফেরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ, রবিবার শহরে তিনিটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়ে দিল্লি ফিরে যাবেন শাহ। 

    বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন  জুম্মাগছ থেকে উদ্বোধন হওয়া ১৪টি নতুন বিওপি’র মধ্যে উত্তরবঙ্গে রয়েছে ছ’টি। বাকি আটটি দক্ষিণবঙ্গে রয়েছে। এতে উত্তরবঙ্গে বিওপি’র সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩২। সবগুলিতে অফিসার, ফোর্স ও আধুনিক সরঞ্জাম থাকবে। সেই সঙ্গে উন্মুক্ত সীমান্তে স্মার্ট ফেন্সিং বসানোর প্রকল্পের সূচনা করা হয়েছে। জানা গিয়েছে, কোচবিহার থেকে মালদহ পর্যন্ত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৯০০ কিমি। যারমধ্যে কিছু এলাকা দিয়ে তিস্তা, মানসাই, ধরলা প্রভৃতি নদী প্রবাহিত হয়েছে। এর বাইরে কিছুটা উন্মুক্ত স্থলভূমি রয়েছে। সেখানে সিঙ্গেল ও ত্রিস্তরীয় স্মার্ট ফেন্সিং বসানো হচ্ছে। অত্যাধুনিক এই কাঁটাতারের বেড়ায় সেন্সার ও ইলেকট্রনিক গেজেট লাগানো রয়েছে। বেড়ায় কেউ স্পর্শ করলেই বিএসএফের কন্ট্রোল রুমে বাজবে অ্যালার্ম। এমন বেড়ার উচ্চতা ১০ ফুট।

    সূত্রের খবর, এদিনের বৈঠকে শিলিগুড়ি করিডর বা চিকেনস নেকের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে আলোচনা হয়েছে। চিকেনস নেকের নিরাপত্তা আরও জোরদার করার জন্য এসএসবি এবং আইটিবিপি’কে নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছেন শাহ। দেশের অভ্যন্তরীন নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এই অংশে আরও ছাউনি বাড়িয়ে নিরাপত্তা আঁটোসাঁটো করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরইসঙ্গে সীমান্ত এলাকায় পুলিশ এবং বিএসএফের সমন্বয়, তথ্য আদানপ্রদান করা এবং অবৈধ জমায়েতের উপর নজর রাখতে বলা হয়েছে। জনসংযোগ বৃদ্ধির নির্দেশ দেওয়ার সঙ্গেই ১৫ দিন অন্তর কেন্দ্র রাজ্যের সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের সমন্বয় বৈঠক করতে বলা হয়েছে। ঝুমাগছ বর্ডার আউটপোস্টে ৭৭.০৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন বিএসএফ জওয়ানদের সঙ্গে চা চক্রেও অংশ নেন অমিত শাহ।
  • Link to this news (বর্তমান)