ময়নাগুড়ি নতুন বাজার ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতির কমিটি গঠন
বর্তমান | ১৯ জুলাই ২০২৬
সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: শনিবার ময়নাগুড়ি নতুন বাজার ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতির নতুন কমিটি গঠন করা হল। আগের কমিটি গত দুই মাস আগে ভেঙে গিয়েছে। এদিন ময়নাগুড়ি নতুন বাজারের কর্মতীর্থ ভবনের বিল্ডিং চত্বরে বিধায়ক ডালিম রায়ের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ময়নাগুড়ির বিশিষ্টজনেরা।
ময়নাগুড়ি নতুন বাজার ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতির এদিন সভাপতির দায়িত্ব পান কাজল চাকি। সহ সভাপতি হয়েছেন গৌতম কুণ্ডু ও সুমিত সাহা। সম্পাদকের দায়িত্ব পেলেন দ্বৈপায়ন রায়। সহ সম্পাদক হয়েছেন তুষার মিত্র ও কল্লোল রায় এবং কোষাধ্যক্ষ হলেন উত্তম পাল।
জানা গিয়েছে, ১৯৬৮ সালে ময়নাগুড়ি নতুন বাজার ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতি গঠিত হয়। ব্যবসায়ীদের যে কোনো সমস্যায় তাঁদের পাশে দাঁড়াতে এই কমিটি গঠন করা হয়েছিল। সেসময় পাঁচুগোপাল সরকার, নরহরি পাল, নিরোদ চক্রবর্তী, গয়ানাথ মল্লিক, তাপসরঞ্জন রায় সহ বেশ কয়েকজন মিলে এই ওয়েলফেয়ার কমিটি গঠন করেছিলেন।
ব্যবসায়ী সমিতির নতুন সম্পাদক দ্বৈপায়ন রায় বলেন, নতুন দায়িত্ব পেলাম। নতুন বাজার সাজিয়ে তোলার চেষ্টা আমরা প্রত্যেকেই একসঙ্গে মিলে করব। নিকাশি ব্যবস্থা ভালো করা হবে। ব্যবসায়ীদের পাশে আমরা সর্বত্র থাকব। তিনি জানান, ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা হিসাবে থাকছেন বিধায়ক ডালিম রায় এবং অভিভাবক হিসাবে নৃপেন্দ্রনাথ চাকি রয়েছেন।
এদিন দুপুর বারোটায় সভার মধ্য দিয়ে নতুন কমিটি গঠন হয়। সভায় আসা প্রত্যেক ব্যবসায়ীকে সংবর্ধনা দেওয়া হয় এবং মিষ্টিমুখ করানো হয়।