• বধূকে খুনের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি, কালনায় চাঞ্চল্য
    বর্তমান | ১৯ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, কালনা: বিয়ের আড়াই মাসের মাথায় শ্বশুরবাড়িতে বধূর অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতার বাপেরবাড়ির লোকজন বধূকে খুনের অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে শুক্রবার শ্বশুর, শাশুড়িকে গ্রেপ্তার করেছে কালনা থানার পুলিশ। ধৃতরা হল আবদুল হালিম শেখ ও সাহেরা বিবি। তাঁর বাড়ি কালনার নান্দাই খরিনান গ্রামে। ধৃতদের শনিবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনার নান্দাই খরিনান গ্রামের বাসিন্দা রমজান আলি শেখ এপ্রিল মাসে প্রেম করে কালনা কর্পুরডাঙা গ্রামের সানেয়া খাতুনকে বিয়ে করেন। বিয়ের মাস খানেক পরেই রমজান দুবাইয়ে কাজে চলে যান। শ্বশুর, শাশুড়ির সঙ্গে থাকতে শুরু করেন সানেয়া। বিয়েতে সানেয়ার পরিবার কোনো যৌতুক দিতে না পারায় স্বামীর মদতে শ্বশুরবাড়ির লোকজন পণের দাবিতে চাপ দিতে থাকে বলে অভিযোগ। তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু হয়। 

    অভিযোগ, ১৬ জুলাই সকালে সানেয়ার পরিবার জানতে পারে তাঁদের মেয়ের মৃত্যু হয়েছে। মেয়ের শ্বশুরবাড়ি এসে দেখেন, নিথর দেহ পড়ে রয়েছে। শ্বশুরবাড়ির লোকজন দাবি করেন, সানেয়া গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। মৃতার বাবা জিয়াদুল মণ্ডল বলেন, আমার মেয়ে কোনোভাবেই আত্মঘাতী হতে পারে না। জামাইয়ের মদতে শ্বশুর, শাশুড়ি ও ননদ পরিকল্পিতভাবে অত্যাচার ও শ্বাসরোধ করে খুন করেছে। তারপর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়ে আত্মঘাতী হয়েছে বলে দাবি করছে। কালনা থানায় মেয়েকে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ জানিয়েছি। আমরা চাই পুলিশ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক।
  • Link to this news (বর্তমান)