একুশে জুলাইয়ের আগেই খড়্গপুরে গ্রেপ্তার কালীঘাট তৃণমূলের বর্ষীয়ান নেতা
বর্তমান | ১৯ জুলাই ২০২৬
সংবাদদাতা, খড়্গপুর: একুশে জুলাইয়ের ঠিক আগেই গ্রেপ্তার করা হল কালীঘাট তৃণমূলের বর্ষীয়ান নেতা দেবাশিস চৌধুরী ওরফে মুনমুনকে। খড়্গপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলার তথা জেলা তৃণমূলের প্রাক্তন সহ-সভাপতি দেবাশিস চৌধুরীকে শনিবার গভীর রাতে তাঁর বাড়ি ‘মালঞ্চ’ থেকে গ্রেপ্তার করে খড়্গপুর টাউন থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে খড়্গপুর শহরের ২১নং ওয়ার্ডের এক মহিলাকে মারধর, প্রাণনাশের হুমকি সহ জমি হাতানোর অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, গত ১৩ জুলাই ২১নং ওয়ার্ডের পোটারখোলি এলাকার বাসিন্দা মমতা বাঈ খড়্গপুর টাউন থানায় মোট ৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। সেই এফআইআরে দেবাশিস চৌধুরীর নাম ছিল না। তদন্তে নেমে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে তদন্তকারী দল। ইতিমধ্যেই তাঁরা জামিন পেয়ে গিয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই দেবাশিস চৌধুরীর নাম উঠে আসে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এরপর গতকাল গভীর রাতে খড়্গপুর টাউন থানার আইসি অমিতকুমার মিত্রের নেতৃত্বে একটি দল দেবাশিস বাবুকে তাঁর মালঞ্চের বাড়ি থেকে আটক করেন। জিজ্ঞাসাবাদের পর আজ সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক। তিনি জানান, আজই তাঁকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। উল্লেখ্য, দেবাশিসবাবুর স্ত্রী নমিতা চৌধুরী খড়্গপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। খড়্গপুর শহরের দাপুটে নেতা ও তুখোড় বক্তা হিসেবে জেলায় পরিচিতি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবাশিস ওরফে মুনমুনের। সম্প্রতি আদি তৃণমূল বা কালীঘাট তৃণমূলের পক্ষে একুশে জুলাইয়ের জোরদার প্রচার শুরু করেছিলেন খড়্গপুর শহরের দুই বর্ষীয়ান নেতা দেবাশিস চৌধুরী ও জহর পাল। আর তারপরই দেবাশিসবাবুর এই গ্রেপ্তারির ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।