রথযাত্রা উপলক্ষ্যে বেআইনি মেলা বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টের
বর্তমান | ১৯ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি কলকাতা: রথযাত্রা চলবে কিন্তু অনুমতি ছাড়া মেলা নয়। মালদার জালালপুরে রথযাত্রা ঘিরে হওয়া মেলা অবিলম্বে বন্ধ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি অমৃতা সিনহা মালদা জেলা সদরের এসডিওকে নির্দেশ দিয়েছেন, পুলিশ, প্রশাসনকে দিয়ে মেলার সমস্ত দোকান অবিলম্বে তুলে দিতে হবে।
মালদার কালিয়াচক থানার অন্তর্গত জালালপুরের চৌধুরী পরিবারের পারিবারিক এই রথযাত্রা অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী৷ ১৯৮৪ সালে এই মেলাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। যাকে কেন্দ্র করে নিম্ন আদালতে মামলা দায়ের হয়। এরপর বিগত কয়েকবছর রথযাত্রার সময় মেলার কোনো অনুমতি দেয়নি প্রশাসন। অভিযোগ, তা সত্ত্বেও জোর করে মেলার আয়োজন হত। গতবছর বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা হয়। এদিকে এই রথযাত্রা যেখানে হয় সেই জমি ও সম্পত্তি নিয়েও বিতর্ক রয়েছে। গতবছরের ২৫ জুন এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা মেলা করার অনুমতি খারিজ করে দিয়েছিলেন।
তা সত্ত্বেও এবার মেলার আয়োজন করা হয়েছিল।
একবছর পর ফের মামলাটি শুনানির জন্য উঠলে এসডিও জানান, মেলা করার কোনো অনুমতি প্রশাসন দেয়নি। লবিচারপতি সিনহা সব পক্ষের বক্তব্য শোনার পর এসডিওকে নির্দেশ দেন, অবিলম্বে পুলিশ, প্রশাসনকে নিয়ে মেলার দোকান তুলে দিতে হবে।
মামলাকারী শঙ্করপ্রসাদ চৌধুরীর দাবি ছিল, তাঁদের ব্যক্তিগত জমিতে তাঁরা মেলা করতে দিতে চান না। কিন্তু এবছর রথযাত্রা কমিটির সভাপতি গৌতম মণ্ডলকে মেলা উপলক্ষ্যে ১৪ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত মাইক, লাইডস্পিকার ব্যবহারের অনুমতি দেন মালদা সদরের সাব ডিভিশনাল অফিসার। কিন্তু তাতে শর্ত হিসাবে উল্লেখ করা রয়েছে, জমি মালিকের থেকে অনুমতি নিয়ে তবে রথের মেলা করা যাবে। কিন্তু অভিযোগ, জমি মালিকের কোনো অনুমতি ছাড়াই মেলার আয়োজন হয়েছিল।