• মিড ডে মিল: চিঠি ইসকনকে, কাজ থাকছে রাঁধুনিদের
    বর্তমান | ১৯ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল চালানোর জন্য ইসকনের অন্নামৃত ফুড রিলিফ ফাউন্ডেশনকে চিঠি দিল স্কুলশিক্ষা দপ্তরের মিড ডে মিল বিভাগ। সংস্থার অন্যতম ট্রাস্টি যুধিষ্ঠির গোবিন্দ দাসকে পাঠানো ‘লেটার অব অ্যাওয়ার্ডে’ (এলওএ) বলা হয়েছে, ২২ জুলাইয়ের মধ্যে তাঁরা মতামত দিক। শর্ত দেওয়া হয়েছে, যে রাঁধুনিরা কর্মরত রয়েছেন, তাঁদের নিয়েই কাজ করতে হবে সংস্থাটিকে। এই রাঁধুনিদের বেতন অবশ্য সরকারই মেটাবে। তবে তা দেওয়া হবে ফাউন্ডেশনটির মাধ্যমে।

    প্রত্যেক পড়ুয়ার জন্য যে রান্নার খরচ সরকার বেঁধে দিয়েছে, তাই পাবে ইসকনের এই সংস্থা। এর বাইরে সরকার কোনও বাড়তি অর্থ দেবে না। সরকারের বেঁধে দেওয়া পুষ্টির গুণমান ধরে বিভিন্ন ধরনের মেনু দিতে হবে তাদের। নিয়মিত খাবারের গুণগত মান পরীক্ষার জন্য পরিদর্শন হবে। স্কুলগুলিতে বন্ধ কন্টেনারে খাবার পৌঁছে দিতে হবে ফাউন্ডেশনকে। সেই ব্যয় বহন করতে হবে তাদেরই। প্রসঙ্গত, সরকারের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, ১ আগস্ট থেকে মিড ডে মিলের বর্ধিত বরাদ্দ কার্যকর হবে এবং কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল দেবে ইসকন।
  • Link to this news (বর্তমান)