• ভেন্ডারে ওঠায় দুই কিশোরীকে কু-মন্তব্য টিকিট পরীক্ষকের, বনগাঁয় তুমুল বিক্ষোভ
    বর্তমান | ১৯ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: ‘সারারাত নাচাব, এনজয় করব’— ট্রেনের ভেন্ডার কামরায় ওঠায় নৃত্যশিল্পী দুই বোনকে টিকিট পরীক্ষকের কু-মন্তব্যে বিতর্ক ছড়াল বনগাঁয়। প্রতিবাদে বনগাঁ জিআরপি থানার সামনে বিক্ষোভ দেখান নৃত্যশিল্পী ও শিক্ষক শিক্ষিকারা। টিকিট পরীক্ষকের শাস্তির দাবিতে সরব হন তাঁরা।

    শুক্রবার দুপুরে আপ বনগাঁ লোকালে ওঠেন গোবরডাঙার দুই নৃত্যশিল্পী। তারা বনগাঁ থেকে রানাঘাট যাওয়ার উদ্দেশে বনগাঁ আসে। বৈধ টিকিট থাকলেও ট্রেনের ভেন্ডার কামরায় উঠে পড়ে। বনগাঁ স্টেশনে নামতেই এক পরীক্ষক তাদের টিকিট দেখতে চান। বৈধ টিকিট দেখালেও কেন তারা ভেন্ডার কামরায় উঠেছে জানতে চান পরীক্ষক এবং অফিসে নিয়ে যান। দুই বোনের কাছে আড়াই হাজার টাকা জরিমানা দাবি করা হয়। নৃত্যশিল্পীরা জানান, তারা ভুল করে ভেন্ডার কামরায় উঠেছে। অভিযোগ, এরপর অভিযুক্ত টিকিট পরীক্ষক তাদের সঙ্গে অবভ্যতা করেন। এমনকি পার্স কেড়ে নিয়ে টাকা খুঁজতে থাকেন। ব্যাগে টাকা না পাওয়ায় অনলাইনে টাকা মেটাতে বলেন। মোবাইল কেড়ে নিয়ে অনলাইন আছে কি না, খতিয়ে দেখেন বলে অভিযোগ। জানা গিয়েছে, কোনোভাবে টাকা না পাওয়ায় নৃত্যশিল্পীদের বাড়িতে যোগাযোগ করতে বলেন অভিযুক্ত। তাদের মায়ের সঙ্গে ফোনে কথা হয়। মা ওই টিকিট পরীক্ষককে জানান মেয়েদের বসিয়ে রাখুন। টাকা জোগাড় করে মেয়েদের নিয়ে আসব। অভিযোগ, সেই সময় অভিযুক্ত টিকিট পরীক্ষক নৃত্যশিল্পীদের সম্পর্কে কু-মন্তব্য করেন। বলেন , ‘সারারাত নাচাব, এনজয় করব।’ এই কথায় ভয় পেয়ে যায় দুজনেই। তারা রানাঘাটে নাচের স্কুলের শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ, ওই টিকিট পরীক্ষক শিক্ষিকার সঙ্গেও বাজে ব্যবহার করেন। তাঁর সম্পর্কেও কু-মন্তব্য করেন। এরপর মোবাইলে ভিডিয়ো করলে ভয়ে তাদেরকে চলে যেতে বলেন অভিযুক্ত। এমনকি ফোন থেকে ভিডিয়ো মুছে ফেলতে চাপ দেন ওই টিকিট পরীক্ষক। এবিষয়ে হেনস্তার শিকার হওয়া নৃত্যশিল্পী বলে, মায়ের সঙ্গে কথা বলার পর আমাদের সম্পর্কে কু-মন্তব্য করেন অভিযুক্ত। একজনকে দিয়ে সারারাত নাচব বলেন। এই কথা শুনে আমরা ভয় পেয়ে যা়ই। কান্নাকাটি করি। একজন অভিভাবিকা বলেন, টিকিট পরীক্ষক এধরনের মন্তব্য করতে পারেন না। মহিলা সম্পর্কে এধরনের মন্তব্য মেনে নেওয়া যায় না। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)