• হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার রুস্তমের তিনদিনের পুলিশ হেপাজত, তোলাবাজি, পুলিশের উপর হামলার অভিযোগ
    বর্তমান | ১৯ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: তোলাবাজি, পুলিশের উপর হামলা সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হলেন হাওড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার মহম্মদ রুস্তম। শনিবার হাওড়া আদালতে তোলা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধৃতকে তিনদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পিলখানায় এক প্রোমোটার খুনের ঘটনার তদন্তে দেখা যায়, এনিয়ে রুস্তম ও তাঁর অনুগামীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছেন এবং কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলা চালাচ্ছেন। এছাড়াও এলাকার বিভিন্ন প্রোমোটারের কাছ থেকে হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এইসব অভিযোগের ভিত্তিতেই শুক্রবার রাতে গোলাবাড়ি থানার পুলিশ পিলখানার বাড়ি থেকে তাঁকে প্রথমে আটক করে। এরপর থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

    এদিন আদালতে নিয়ে যাওয়ার সময় চত্বরে উত্তেজনা দেখা দেয়। একদল বিক্ষোভকারী রুস্তমকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। পুলিশ দ্রুত তাকে আদালতের ভিতরে নিয়ে যায়। তবে, মহম্মদ রুস্তমের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)