নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরপর হানা দিয়ে রাজ্যের বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংকের কাজকর্মে একাধিক অনিয়মের সন্ধান পেল রাজ্য স্বাস্থ্যদপ্তর। নতুন সরকার ক্ষমতায় আসবার পরই রক্তদানে যুক্ত অসংখ্য সংগঠন স্বেচ্ছায় রক্তদানে উপহার গ্রহণ, নিয়ম না মেনে রক্ত ভিন রাজ্যে পাঠানো সহ বিভিন্ন বিষয়ে স্বাস্থ্যদপ্তরে অভিযোগ জানান। এরপরই তৎপর হন আধিকারিকরা। উপহারের বিনিময়ে রক্তদানের অভিযোগের তদন্তে গিয়ে ২টি প্রাইভেট ব্লাড ব্যাংকের কাজকর্মে অনিয়ম পান দপ্তরের অফিসাররা। খোঁজখবর নিয়ে দেখা যায়, শুধু তারাই নয়, শহরের ৭টি প্রাইভেট ব্লাড ব্যাংক সরকারের অনুমতি না নিয়েই রক্তদানের মাধ্যমে সংগৃহীত রক্ত ভিন রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকে পাঠিয়ে দিচ্ছে। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, উদ্বৃত্ত প্লাজমা বিক্রির ব্যাপারে রাজ্যের সঙ্গে চারটি সংস্থার চুক্তি রয়েছে। রক্ত ভিনরাজ্যে পাঠানোর বিষয়েও জাতীয় রক্ত সঞ্চালন পর্ষদের নির্দেশনামা রয়েছে। সেক্ষেত্রে যারা রক্ত পাঠাবেন, তাদের বিষয়টি জানাতে হবে সেই রাজ্যের রক্ত সঞ্চালন পর্ষদকে। তারা যে রাজ্যে রক্ত পাঠানো হবে, তাদের পর্ষদের সঙ্গে যোগাযোগ করবেন। দুটি সরকারি সংস্থার সমন্বয়ে রক্ত পাঠানো সম্ভব। কিন্তু, বেশ কিছু প্রাইভেট ব্লাড ব্যাংক সেই নিয়মের তোয়াক্কাই করছে না বলে অভিযোগ। এক্ষেত্রে বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংকের নথি বাজেয়াপ্ত করেছে রাজ্য।