‘মমতার কাছে ফিরুন, ইস্তফা দেব’, চ্যালেঞ্জ অভিষেকের
বর্তমান | ১৯ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলের বিদ্রোহীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সকলে ফিরে আসুন, এক ঘণ্টার মধ্যে সব পদ থেকে ইস্তফা দিয়ে দেব।’ ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলে ভাঙন শুরু। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলাদা তৃণমূল গঠিত হয়েছে। বড়োসড়ো ভাঙন হয়েছে সংসদীয় দলেও। এই আবর্তে প্রতিদিনই তৃণমূলের নেতা-নেত্রীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিন্দায় সরব হচ্ছেন। ভোটে খারাপ ফল এবং দলের ভরাডুবির জন্য অভিষেককে নিশানা করছেন তাঁরা। এই প্রেক্ষিতে শনিবার মমতার বাসভবনের সামনে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘যাঁরা আজ দল ছেড়ে গিয়ে আমাকে গালাগাল দিচ্ছেন বা দোষারোপ করছেন, তাঁদের আমি চ্যালেঞ্জ করছি, দিদির কাছে ফিরে আসুন। যদি তাঁরা ফিরে আসেন, আমি এক ঘণ্টার মধ্যে দলের সব পদ থেকে ইস্তফা দেব।’
অভিষেকের চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে তৃণমূলের কোনো নেতা আদৌ কালীঘাটে ফিরবেন কি না, সেই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে তখন পালটা সুর চড়িয়েছেন বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর হুমকি, ‘যাঁরা দলের সঙ্গে বেইমানি করেছেন, তাঁদের যদি মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে নেন, আমিই তাহলে দল ছেড়ে দেব।’ এই পর্বে দলছুটদের পরামর্শ দিয়েছেন অভিষেক। তাঁর কথায়, ‘যে কোনো তদন্তকারী সংস্থার নোটিস পেলেই যে বা যাঁরা দল ছেড়ে চলে যাচ্ছেন, তাঁদের একটা কথা বলতে চাই। যদি কোনো ভুল না করে থাকেন, তাহলে তদন্তের মুখোমুখি হোন। লড়াই করুন। পালাচ্ছেন কেন!’