বেহালায় দোকান উদ্বোধনের দিনই কেপমারি ৫ লাখের রত্ন, দুর্গাপুর থেকে গ্রেপ্তার ক্রেতা
বর্তমান | ১৯ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রথযাত্রায় বেহালায় একটি সোনার দোকান উদ্বোধন হয়। সে দিনই ঘটে অভিনব কেপমারি! খোয়া যায় প্রায় ৫ লক্ষ টাকা দামের পান্না, রুবি ইত্যাদি রত্নসামগ্রী। প্রথম দিনেই কার্যত মাথায় হাত মালিকের।
রথযাত্রার পুণ্য তিথিতে নতুন সোনার দোকানের পথচলা শুরু। ফুল-মালা দিয়ে সাজানো হয়েছিল দোকান। ক্রেতাদের আকৃষ্ট করতে মালিকপক্ষ ফেসবুকজুড়ে বিপুল ছাড়ের টোপ দিয়ে লোভনীয় বিজ্ঞাপন দিয়েছিল। বিজ্ঞাপন দেখে স্ত্রী, সন্তানকে নিয়ে দুর্গাপুর থেকে বেহালায় ক্রেতা সেজে হাজির হয়েছিলেন বছর চল্লিশের প্রভাত দেবনাথ। ভিড়ে ঠাসা দোকানে পান্না, রুবি, মুক্তোর মতো বিভিন্ন ধরনের রত্নসামগ্রী দেখার পর কয়েকটি মুক্তো কেনেন প্রভাতবাবু। তারপর দাম বাবদ হাজার পাঁচেক টাকা অনলাইনে ইউপিআইয়ের মাধ্যমে মিটিয়ে দোকান ছেড়ে বেরিয়ে যান। রাতে দোকানের ‘স্টক’ মেলাতে গিয়ে কর্মচারীরা দেখেন, পান্না, রুবির মতো প্রায় ৫ লাখ টাকার রত্ন উধাও! বিষয়টি জানানো হয় মালিককে। এরপর মালিক বেহালা থানায় লিখিত অভিযোগ জানান। কেপমারির তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে দুর্গাপুরের বাড়ি থেকে অভিযুক্ত ক্রেতাকে গ্রেপ্তার করে পুলিশ। কীভাবে কেপমারকে চিহ্নিত করল পুলিশ? সূত্র মারফত জানা গিয়েছে, ‘তদন্তে নেমে পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সন্দেহজনক আচরণের জন্য ওই ক্রেতাকে প্রাথমিকভাবে চিহ্নিত করে। এরপর ইউপিআই পেমেন্টের সূত্র ধরে পুলিশ ক্রেতার মোবাইল নম্বর হাতে পায়। শুক্রবার রাতে দুর্গাপুরের বাড়িতে হানা দিয়ে ক্রেতাকে গ্রেপ্তার করে বেহালা থানা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে খোয়া যাওয়া রত্নের আংশিক উদ্ধার হয়েছে। ধৃতকে শনিবার দুপুরে আলিপুর আদালতে পেশ করা করা হয়। আদালত ২২ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।