আগুন লাগানোর মামলা থেকে ১০ বছর পর বেকসুর খালাস বৃদ্ধা শাশুড়ি
বর্তমান | ১৯ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়িতে আগুন লাগিয়ে ক্ষতি করার চেষ্টা করেছিলেন বৃদ্ধা শাশুড়ি ও ভাসুর। এমনটাই অভিযোগ ছিল বৃদ্ধার ছোটো বউমার। কিন্তু আদালতে সেই অভিযোগের কোনও সারবত্তা মেলেনি। ফলে দীর্ঘ দশ বছর পর সেই মামলা থেকে বেকসুর খালাস পেলেন জামিনে থাকা বৃদ্ধা শাশুড়ি। শনিবার কলকাতা নগর দায়রা আদালতের প্রথম ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় এই আদেশ দিয়েছেন।
আদালত সূত্রের খবর, ২০১৬ সালে উত্তর কলকাতার বড়তলা থানায় বৃদ্ধা শাশুড়ি ও তাঁর বড় ছেলের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল। তাতে পুলিশ ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করে। নিম্ম আদালতে শুরুও হয়েছিল মামলার বিচার। কিন্তু শুনানি চলাকালে বিচারক মামলার গুরুত্ব অনুধাবন করে মামলাটি উচ্চ আদালতে (বিচারভবন) স্থানান্তরিত করার নির্দেশ দেন। দীর্ঘ দশ বছর ধরে সেই মামলা চলার পর এদিন অভিযুক্ত শাশুড়িকে মামলা থেকে মুক্তি দেয় আদালত। এদিকে, মামলা চলাকালীন বৃদ্ধার বড় ছেলের কোনও খোঁজ না মেলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াও হুলিয়া জারি করা হয়। বৃদ্ধার তরফে আইনি লড়াইয়ে ছিল লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল। সেই এলএডিসি’র তরফে কৌঁসুলি দেবতনু দত্ত এদিন বলেন, এই মামলায় সাক্ষী ছিলেন পাঁচজন। কিন্তু সরকারপক্ষ আগুন লাগিয়ে ক্ষতির চেষ্টা করার অভিযোগ কোনওভাবেই প্রমাণ করতে পারেনি।