নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে করোনার উপদ্রব। শনিবার পঞ্চসায়র লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ১০ বছরের এক নাবালককে ভরতি করা হয়। বাঁশদ্রোণীর বাসিন্দা ওই নাবালকের থুতু পরীক্ষায় করোনা ধরা পড়েছে। হাসপাতাল সূত্রে খবর, গত দু’সপ্তাহ ধরে কাশির সমস্যায় ভুগছিল ওই নাবালক। সঙ্গে ছিল আনুষাঙ্গিক সমস্যা। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় ইনফ্লুয়েঞ্জা প্যানেল করা হয়। তখনই করোনা ধরা পড়ে। সম্পূর্ণ স্থিতিশীল আছে ওই নাবালক। রাতে নতুন করে জ্বরও আসেনি। হাসপাতালের এক পদস্থ কর্তা জানিয়েছেন, এখনই তার ছুটি হচ্ছে না। একটু পর্যবেক্ষণে রাখার পর সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান নিয়ম অনুযায়ী, করোনা হলে সাত দিনের আইসোলেশনে থাকতে হচ্ছে। সেটা হাসপাতাল না হয়ে বাড়িতেও হতে পারে। শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ জয়দেব রায় বলেন, মাঝেমধ্যে এক-দু’জন করে শিশু করোনা পজিটিভ হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে ভরতি করতে হয়নি। কিন্তু অ্যাজমা, সিওপিডি বা অন্য কোমর্বিডিটি থাকলে সতর্ক হতে হবে। তবে আতঙ্কিত হওয়ার প্রশ্নই আসে না।