কলকাতায় ২১ জুলাইয়ের তিন-তিনটি সভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে এ বছর দিল্লিতেও হতে চলেছে সেই স্মরণ সভা। সদ্য তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারেরা ওই সভার আয়োজন করতে চলেছেন।
এনসিপিআই সূত্রে খবর, দিল্লির রাজঘাটে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। সদ্য তৃণমূল ছেড়ে লোকসভার যে ২০ জন সাংসদ এনসিপিআই-তে নাম লিখিয়ে এনডিএ শিবিরে যোগ দিয়েছেন, তাঁরা তো উপস্থিত থাকবেনই। এ ছাড়া কিছু দলীয় কর্মী-সমর্থকও ওই সভায় উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, ২১ জুলাইয়ের ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছেন কাকলিরা। প্রসঙ্গত, মমতার বন্দ্যোপাধ্যায়ের বিগত সরকারের বিরুদ্ধে ২১ জুলাইয়ের হত্যাকারীদের আড়াল করার অভিযোগ তুলে বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যে চিঠিও লিখেছেন তিনি।
তাঁরাও যে ২১ জুলাইয়ের সভা করবেন, তা আগেই জানিয়েছিলেন কাকলি। সেই সময়েই তিনি বলেছিলেন, ‘শহিদ কিন্তু সকলের। যিনি স্বাধীনতা সংগ্রামে শহিদ হয়েছেন, তিনি শহিদ। আবার যিনি বাংলার আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রাণ দিয়েছেন, তিনিও শহিদ। ফলে তাঁদের সম্মান জানানোটাই হলো কাজ। বিশেষ করে যাঁরা রাজনীতি করেন, তাঁদের তো বটেই। আর ঘটনা তো আমার চোখে সামনে ঘটেছিল। তাই শুধু আমার শহিদ তোমার শহিদ, শহিদ মিনারের শহিদ নাকি গান্ধীমূর্তির পাদদেশের শহিদ, সেটা বড় কথা নয়। পৃথিবীর সকল শহিদদের সম্মান জানানো কর্তব্য বলে আমরা সেটা পালন করব।’