‘শ্রীমদ্ভগবদ্গীতা’ থেকে ওডিসি, নোলানের ছবিতে বারবার এসেছে ভারত
এই সময় | ১৯ জুলাই ২০২৬
১৭ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‘The Odyssey’। আইম্যাক্স ক্যামেরায় শুট করা এই ছবিটিকে ঘিরে অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ভারতে সেই আগ্রহ ছিল আরও একটু বেশি। মুক্তির প্রায় এক মাস আগেই শুরু হয়ে যায় অগ্রিম টিকিট বুকিং। ছবির প্রচারে মুম্বইয়ে এসেছিলেন স্বয়ং নোলান। তাঁর সঙ্গে ছিলেন ছবির মুখ্য দুই চরিত্রের অভিনেতা ম্যাট ডেমন এবং টম হল্যান্ড। তাঁরা ঘুরে দেখেন মুম্বই শহর। জলখাবার খান সেই শহরের জনপ্রিয় অলিম্পিয়া কফি হাউস এবং কালা ঘোড়ার বিখ্যাত রেস্তোরাঁ ‘তৃষ্ণা’য়। যেন শুধু ছবির প্রচার নয়, ভারতকে আরও একবার কাছ থেকে অনুভব করলেন নোলান।
মুম্বই থেকে ফিরে ছবির গোটা টিম গিয়েছিল নিউ ইয়র্কে The Odyssey-র বিশেষ প্রিমিয়ারে। সেখানেও তাঁদের সাজে ছিল ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। কালো স্যুট আর সাদা শার্টের সঙ্গে নোলানের গলায় ছিল গুজরাটের কচ্ছ অঞ্চলের ঐতিহ্যবাহী আজরাখ শিল্পে অনুপ্রাণিত একটি সিল্কের টাই। নিউ ইয়র্কের ডিজ়াইনার অহান ট্যান্ডনের তৈরি সেই টাই মুহূর্তেই নজর কেড়ে নেয়। একই অনুষ্ঠানে ছবিতে ‘হেলেন অফ ট্রয়’ এবং ‘ক্লাইটেমনেস্ট্রা’ — দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ং-ও পরেছিলেন ভারতীয় ফ্যাশন ডিজ়াইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা হার।
আসলে নোলানের সঙ্গে ভারতের সম্পর্ক আজকের নয়। তাঁর সিনেমার জার্নি খেয়াল করলেই সেই যোগ বারবার চোখে পড়ে। কখনও ভারতীয় অভিনেতা, কখনও ভারতের শহর, কখনও ভারতের ঐতিহ্য, আবার কখনও ভারতীয় দর্শনের প্রভাব— নানা ভাবে ভারত জায়গা করে নিয়েছে তাঁর সৃষ্টিতে।
The Odyssey-তেই যেমন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে ব্রিটিশ-ভারতীয় অভিনেতা হিমেশ পটেল (Himesh Patel)-কে। তিনি অভিনয় করেছেন ইউরিলোকাসের চরিত্রে। গ্রিক মহাকাব্যে ইউরিলোকাস (Eurylochus) হলেন ওডিসিয়াসের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতিদের একজন এবং তাঁর ভগ্নীপতিও। নোলানের সঙ্গে এটি হিমেশের দ্বিতীয় কাজ। এর আগে ২০২০ সালের Tenet-এও তাঁকে দেখা গিয়েছিল মাহির নামে এক গোয়েন্দা সংস্থার সদস্যের চরিত্রে, যিনি নায়ককে অর্থাৎ John David Washington-কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেন।
ওপেনহাইমার
ভারতের ছোঁয়া আরও বেশি করে বোঝা যায় Oppenheimer-এ। এই ছবিতে কিলিয়ান মরফি (Cillian Murphy) অভিনয় করেছেন পরমাণু বোমার জনক জে. রবার্ট ওপেনহাইমারের চরিত্রে। বাস্তব জীবনে ওপেনহাইমার সংস্কৃত শিখেছিলেন এবং ‘শ্রীমদ্ভগবদ্গীতা’ পড়েছিলেন। সেই ইতিহাসই তুলে ধরেন নোলান। প্রথমে ছবির একটি অন্তরঙ্গ দৃশ্যে ওপেনহাইমারকে দেখা যায় তাঁর প্রেমিকা জিন ট্যাটলক অর্থাৎ Florence Pugh-এর অনুরোধে তাঁর হাত থেকে ‘শ্রীমদ্ভগবদ্গীতা’ নিয়ে সংস্কৃত ভাষায় তার শ্লোক উচ্চারণ করতে। পরে প্রথম পারমাণবিক বিস্ফোরণের স্মৃতি মনে করতে গিয়ে তাঁর মুখে শোনা যায়, ‘Now I am become Death, the destroyer of worlds.’ এই উক্তির সূত্রও ভগবদগীতা। তবে অন্তরঙ্গ দৃশ্যে ভগবদগীতা-র শ্লোক উচ্চারণ করার ঘটনায় ভারতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। অনেকেই অভিযোগ তুলেছিলেন, অভিনেতা-অভিনেত্রীর অন্তরঙ্গ দৃশ্যের মাঝে ধর্মগ্রন্থকে যে ভাবে ব্যবহার করা হয়েছে, তা অনেকের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। ছবি মুক্তির পরে সেই বিতর্ক দীর্ঘদিন শিরোনামে ছিল।
টেনেট
Tenet-এ ভারত শুধু ভাবনায় নয়, ছিল গল্পেরও গুরুত্বপূর্ণ অংশ। ছবিতে ভারতীয় অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia) অভিনয় করেছিলেন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী প্রিয়ার চরিত্রে। গল্পের মোড় ঘোরানোর ক্ষেত্রে তাঁর চরিত্রের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, ছবির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হয়েছিল মুম্বইয়ে। নায়ক ‘দ্য প্রোটাগনিস্ট’ যখন প্রিয়ার সঙ্গে দেখা করতে যান এবং পরে কড়া নিরাপত্তায় মোড়া একটি বিল্ডিংয়ে অভিযান চালানোর পরিকল্পনা করেন, সেই সব দৃশ্যের পটভূমিতে দেখা যায় কোলাবা কজওয়ে (Colaba Causeway), ক্যাফে মন্ডেগার (Cafe Mondegar), ব্রিচ ক্যান্ডি হাসপাতাল (Breach Candy Hospital) এবং তাজ মহল প্যালেস হোটেল (Taj Mahal Palace Hotel)-এর আশপাশের এলাকা। মুম্বইয়ের বাস্তব পরিবেশকে গল্পের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছিলেন নোলান।
দ্য ডার্ক নাইট রাইজ়েস
এরও আগে The Dark Knight Rises-এ জায়গা করে নিয়েছিল ভারত। ছবির সেই বহুল আলোচিত দৃশ্য নিশ্চয়ই মনে আছে, যেখানে বন্দি ব্রুস ওয়েন অন্ধকার এক গভীর গর্ত থেকে বারবার উঠে আসার চেষ্টা করেন। শেষ পর্যন্ত ভয়কে জয় করে এক লাফে তিনি মুক্তির পথ খুঁজে পান। সেই স্মরণীয় দৃশ্যগুলির শুটিং হয়েছিল রাজস্থানের যোধপুরের ঐতিহাসিক মেহরানগড় দুর্গে। দুর্গের বিশাল প্রাচীর, পাথুরে স্থাপত্য এবং চারপাশের রুক্ষ প্রাকৃতিক পরিবেশই পর্দায় তৈরি করেছিল সেই অবিস্মরণীয় আবহ।
এ ভাবে এক ছবি থেকে আর এক ছবি— কোথাও ভারতীয় অভিনেতা, কোথাও মুম্বইয়ের রাস্তা, কখনও ভগবদগীতার উদ্ধৃতি, কখনও আবার রাজস্থানের দুর্গ বা গুজরাটের আজরাখ শিল্প। ক্রিস্টোফার নোলানের সিনেমায় ভারতের উপস্থিতি কখনও সরাসরি, অর্থাৎ ‘অন দ্য ফেস’। আবার কখনও অনুচ্চারিত, ভীষণই সূক্ষ্ম। তাই তাঁর প্রতিটি নতুন ছবি মুক্তি পেলেই ভারতীয় দর্শকের কৌতূহল থাকে শুধু গল্পকে কেন্দ্র করেই সীমাবদ্ধ থাকে না। তাঁরা খুঁজে দেখেন, এ বার নোলানের সিনেমায় ভারতের ছোঁয়া ঠিক কোথায়, কী ভাবে লুকিয়ে আছে।
FAQ
১. ক্রিস্টোফার নোলানের কোন কোন ছবিতে ভারতের ছোঁয়া রয়েছে?
The Odyssey, Oppenheimer, Tenet এবং The Dark Knight Rises-সহ নোলানের একাধিক ছবিতে ভারতের সংস্কৃতি, অভিনেতা, লোকেশন বা ঐতিহাসিক উপাদানের উপস্থিতি দেখা যায়।
২. The Odyssey-তে কোন ভারতীয় বংশোদ্ভূত অভিনেতা অভিনয় করেছেন?
ব্রিটিশ-ভারতীয় অভিনেতা Himesh Patel ছবিতে Eurylochus চরিত্রে অভিনয় করেছেন। এর আগে তিনি নোলানের Tenet-এও অভিনয় করেছিলেন।
৩. Oppenheimer-এ ভগবদ্গীতার উল্লেখ কেন রয়েছে?
বাস্তব জীবনে জে. রবার্ট ওপেনহাইমার সংস্কৃত শিখেছিলেন এবং শ্রীমদ্ভগবদ্গীতা পড়েছিলেন। সেই ঐতিহাসিক তথ্যের প্রতিফলনই ছবিতে দেখানো হয়েছে।
৪. Tenet-এর কোন অংশের শুটিং ভারতে হয়েছিল?
Tenet-এর একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য মুম্বইয়ে শুট করা হয়েছিল। ছবিতে Colaba Causeway, Cafe Mondegar, Breach Candy Hospital এবং Taj Mahal Palace Hotel-এর আশপাশের এলাকা দেখা যায়।
৫. The Dark Knight Rises-এর কোন দৃশ্য ভারতে শুট হয়েছিল?
ব্রুস ওয়েনের বন্দিদশা থেকে মুক্তির চেষ্টা দেখানো বিখ্যাত গর্তের দৃশ্যগুলির শুটিং হয়েছিল রাজস্থানের যোধপুরের মেহরানগড় দুর্গে।
৬. Tenet-এ ডিম্পল কাপাডিয়ার চরিত্র কী ছিল?
Dimple Kapadia ছবিতে আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী Priya-র চরিত্রে অভিনয় করেন। গল্পের মোড় ঘোরানোর ক্ষেত্রে তাঁর চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৭. ভারতীয় দর্শকদের কাছে নোলানের ছবি কেন আলাদা আকর্ষণের?
জটিল গল্প বলার পাশাপাশি নোলানের ছবিতে বারবার ভারতের সংস্কৃতি, ইতিহাস, লোকেশন এবং ভারতীয় শিল্পীদের উপস্থিতি দেখা যায়। তাই প্রতিটি নতুন ছবি মুক্তির সময় ভারতীয় দর্শকরা সেই সংযোগও খুঁজে দেখেন।