পা রাখলেই মনে হবে বিদেশি সুপার মার্ট, বিধান মার্কেটের ভোলবদলের প্রস্তুতি! থাকছে বহু সুবিধা
News18 বাংলা | ১৯ জুলাই ২০২৬
প্রায় ৬৫ বছরের ঐতিহ্য বহনকারী শিলিগুড়ির বিধান মার্কেট এবার নতুন রূপে সেজে উঠতে চলেছে। শহরের অন্যতম বৃহৎ ও ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি পুরনিগম। সেই লক্ষ্যেই মার্কেট পরিদর্শনে আসেন পুরনিগমের কমিশনার বীর বিক্রম রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মার্কেট ইলেকট্রিক সমিতির প্রতিনিধিরাও। পরিদর্শনের সময় কমিশনার গোটা মার্কেট ঘুরে দেখেন।
সেখানে দীর্ঘদিনের ঝুলন্ত ও অপরিকল্পিত বৈদ্যুতিক তার, অপরিচ্ছন্ন পরিবেশ, আবর্জনা জমে থাকা, পানীয় জলের সমস্যা, শৌচালয়ের বেহাল অবস্থা-সহ একাধিক পরিকাঠামোগত বিষয় খতিয়ে দেখেন। পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ ও দাবি শোনেন। ব্যবসায়ীরা কমিশনারের কাছে পর্যাপ্ত পানীয় জল, আধুনিক ও পরিচ্ছন্ন শৌচালয়, নিরাপদ বৈদ্যুতিক ব্যবস্থা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার দাবি জানান। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলির কারণে ব্যবসা ও সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা তৈরি হচ্ছে।
এ প্রসঙ্গে শিলিগুড়ি পুরনিগমের কমিশনার বীর বিক্রম রায় বলেন, “বিধান মার্কেটের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। পানীয় জলের ব্যবস্থা আরও উন্নত করা হবে, শৌচালয়গুলির মানোন্নয়ন করা হবে এবং বৈদ্যুতিক-সহ অন্যান্য পরিকাঠামোগত সমস্যাগুলিও ধাপে ধাপে সমাধান করা হবে। ব্যবসায়ীদের সুবিধা এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, সংশ্লিষ্ট বিভাগগুলিকে দ্রুত প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে, যাতে করে বিধান মার্কেটকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন এবং আধুনিক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়।
পুরনিগমের এই উদ্যোগে ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলেও তিনি আশাবাদী। পুরনিগমের এই উদ্যোগে ব্যবসায়ীদের মধ্যেও আশার সঞ্চার হয়েছে। তাঁদের বিশ্বাস, ৬৫ বছরের ঐতিহ্যবাহী বিধান মার্কেট নতুন পরিকাঠামো, উন্নত পানীয় জল ও শৌচালয় এবং আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে আবারও শিলিগুড়ির অন্যতম সেরা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে নিজস্ব গৌরব ফিরে পাবে।