• বন্ধ অমরনাথ ও বৈষ্ণোদেবী যাত্রা, হড়পা বান জম্মু-কাশ্মীরের রাজৌরিতে
    এই সময় | ১৯ জুলাই ২০২৬
  • প্রবল দুর্যোগের কারণে ১৯ জুলাই থেকে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হলো অমরনাথ ও বৈষ্ণোদেবী যাত্রা। মূলত পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে। কাশ্মীর ডিভিশনাল কমিশনার অংশুল গর্গ জানিয়েছেন, পহেলগাম এবং বালতাল— দুই রুট দিয়েই অমরনাথ যাত্রা আপাতত বন্ধ থাকবে। কাশ্মীরের বালতাল ও নুয়ান বেস ক্যাম্প থেকে পুণ্যার্থীদের আর এগোতে দেওয়া হচ্ছে না। এ ছাড়াও, জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় রাতভর অবিরাম বৃষ্টির জেরে হড়পা বান দেখা দিয়েছে। সেখানে নদীগুলির জলস্তর বেড়ে একাধিক এলাকা জলের তলায় চলে গিয়েছে।

    জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে প্রত্যেকটি রুটের নিরাপত্তা খতিয়ে দেখে ফের অমরনাথ যাত্রা শুরু করা হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে এখনও পর্যন্ত ৩ লক্ষ ৭৬ হাজারেরও বেশি পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন। প্রশাসনের তরফে পুণ্যার্থীদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়াও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর ১৯ থেকে ২৩ জুলাই পর্যন্ত জম্মু-কাশ্মীরে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

    অন্যদিকে, শনিবার থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে রাজৌরিতে। যার জেরে রবিবার রাজৌরি বিভিন্ন অংশে হড়পা বান দেখা দিয়েছে। রাজৌরির দরহালি, খাণ্ডলি, সুকতো এবং জামোলা-সহ সমস্ত একাধিক নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করে। দরহালি নদীর উপর থাকা বাঁধ ভেঙে গিয়েছে ভারী বৃষ্টির জেরে। যার জেরে হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করেছে গ্রামে। এ ছাড়াও, রাজৌরির আবদুল্লা ব্রিজের কাছের একটি বস্তি প্রায় জলের তলায় চলে গিয়েছে। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেছে। ইতিমধ্যেই শয়ে শয়ে মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

    পুলিশ ও স্থানীয় প্রশাসনের তরফে নীচু এলাকার বাসিন্দাদের বিশেষ ভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। রাজৌরির বিধায়ক ইফতিখার আহমেদ জম্মুতে দলীয় কর্মসূচি বাতিল করে রাজৌরিতে ফিরে এসেছেন। পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি। দুর্গত পরিবারগুলিকে দ্রুত সরকারি সাহায্য ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন তিনি।

    প্রবল বৃষ্টি, ভূমিধসের আশঙ্কা এবং তীর্থযাত্রীদের নিরাপত্তার কারণে প্রশাসন সাময়িকভাবে যাত্রা বন্ধ রেখেছে।

    পহেলগাম ও বালতাল—দুই রুট দিয়েই অমরনাথ যাত্রা আপাতত স্থগিত রয়েছে।

    আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর রুটগুলির নিরাপত্তা পরীক্ষা করে প্রশাসন নতুন সিদ্ধান্ত জানাবে।

    টানা ভারী বৃষ্টির জেরে হড়পা বান হয়েছে। নদীর জলস্তর বেড়ে বহু এলাকা প্লাবিত হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।

    ১৯ থেকে ২৩ জুলাই পর্যন্ত জম্মু-কাশ্মীরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)