• হাইকোর্টের নির্দেশ দিতেই অভিষেকের কার্যালয় ভাঙা বন্ধ করল প্রশাসন
    এই সময় | ১৯ জুলাই ২০২৬
  • শনিবার বুলডোজ়ার চলেছিল। তার পরে রবিবার হাতুড়ি দিয়েই পাঁচতলা ভবন ভাঙার কাজ শুরু করেছিলেন শ্রমিকেরা। কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিতেই বন্ধ হয়ে গেল সেই অভিযান। উচ্চ আদালত নির্দেশ দিয়েছে, অভিষেকের কার্যালয় ভাঙার কাজ বন্ধ করতে হবে। সেই নির্দেশ মেনেই কাজ বন্ধ হয়েছে বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে।

    কেন অভিষেকের অফিস ভাঙার সিদ্ধান্ত?

    বৈধ নথি না থাকার অভিযোগে শনিবার আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার কাজ শুরু করেছিল প্রশাসন। তিনটি বুলডোজ়ার এনে কার্যালয়ের শেড এবং সামনের অংশের কিছুটা ভাঙা হয়। রাতে কার্যালয় থেকে উদ্ধার হয় বেশ কিছু নথি-আসবাবপত্র। তা বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর প্রশাসনিক সূত্রে। তার পরে রবিবার হাতুড়ি দিয়ে কার্যালয়ের অন্য একটি অংশ ভাঙার কাজ শুরু হয়। সেখানে উপস্থিতও ছিলেন প্রশাসনিক কর্তারা।

    হাইকোর্টে মামলা

    শনিবার সাংসদ কার্যালয় ভাঙার অভিযান শুরু হওয়ার পরেই অভিষেক দাবি করেছিলেন, তাঁদের কাছে সমস্ত বৈধ নথি রয়েছে। তাঁরা তা আদালতে জমা দেবেন। এ নিয়ে হাইকোর্টে, প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাওয়া হবে বলে জানিয়েছিলেন অভিষেক। তার পরেই উচ্চ আদালতে মামলা হয়। জরুরি শুনানিরও আবেদন জানানো হয়। সেই মতো রবিবার প্রথমে দুপুর সাড়ে ১২টা নাগাদ শুনানি ডাকা হয়েছিল। কিন্তু পরে তা পিছিয়ে যায়। ঘটনাচক্রে, সেই সময়েই আবার অভিষেকের কার্যালয় ভাঙার কাজ শুরু হয়েছিল।

    অভিষেকের প্রতিক্রিয়া

    সাংসদ কার্যালয় ভাঙা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। শনিবার তিনি বলেন, ‘যে আইনে এই পার্টি অফিসগুলি ভাঙা হচ্ছে, সরকার পাল্টালে সেই আইনেই বিজেপির পার্টি অফিস ভাঙা হবে। বিজেপি নেতারা মনে রাখবেন, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। বেঁচে থাকলে এই আইনেই ২০৩১ সালে সুদ সমেত এ সব ফিরিয়ে দেব।’

  • Link to this news (এই সময়)