• ২১ কেজির 'মেসি' আর নীল-সাদা 'আর্জেন্টিনা'! দেখতে ভিড়
    আজকাল | ১৯ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফুটবল ফাইনাল। শেষরাতের খেলা ঘিরে যখন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা উন্মাদনায় মেতে উঠেছেন, তখন সেই আবহকে আরও রঙিন করে তুলতে অভিনব উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের একটি মিষ্টার দোকান।

    ফুটবল তারকা লিওনেল মেসির আদলে ২১ কেজি ক্ষীর দিয়ে তৈরি করা হয়েছে এক বিশাল মিষ্টির মূর্তি। পাশাপাশি আর্জেন্টিনার জার্সির নীল-সাদা রঙে তৈরি বিশেষ 'আর্জেন্টিনা রসগোল্লা'-ও ইতিমধ্যেই নজর কেড়েছে ক্রেতা ও ফুটবলপ্রেমীদের।

    বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মহারণের আগে ব্যারাকপুরে এই অভিনব উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। সকাল থেকেই বহু মানুষ দোকানে ভিড় জমাচ্ছেন ক্ষীরের মেসির মূর্তি এক ঝলক দেখার জন্য। অনেকেই সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমেও ভাগ করে নিচ্ছেন।

    মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধার অভিক ঘোষ জানান, এর আগেও ঝাড়খণ্ডের এক গ্রাহকের বিশেষ অর্ডারে ২৭ কেজি ক্ষীর দিয়ে লিওনেল মেসির একটি মূর্তি তৈরি করে পাঠানো হয়েছিল। সেই মূর্তি ব্যাপক সাড়া ফেলায় সাধারণ দর্শনার্থী ও ক্রেতাদের জন্য বিশ্বকাপ উপলক্ষে নতুন করে ২১ কেজি ক্ষীর দিয়ে মেসির আরও একটি মূর্তি তৈরি করা হয়েছে।

    তিনি আরও জানান, ফুটবল বিশ্বকাপের আবহকে আরও বিশেষ করে তুলতেই আর্জেন্টিনার পতাকার আদলে নীল-সাদা রঙের বিশেষ 'আর্জেন্টিনা রসগোল্লা' তৈরি করা হয়েছে। সন্ধ্যার পর ম্যাচ ঘিরে উৎসবের আবহে এই বিশেষ রসগোল্লার চাহিদা আরও বাড়বে বলেই আশা দোকান কর্তৃপক্ষের।

    দোকানে আসা ক্রেতাদের বক্তব্য, ক্ষীর দিয়ে এত বড় ও নিখুঁতভাবে তৈরি লিওনেল মেসির মূর্তি তাঁরা আগে কখনও দেখেননি। বিশ্বকাপ ফাইনালের আগে এমন অভিনব উদ্যোগ শুধু মিষ্টিপ্রেমীদের নয়, ফুটবল অনুরাগীদের কাছেও বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
  • Link to this news (আজকাল)