• 'এতদিন মমতা রাজনীতি করেছেন, এবার...', ২১ জুলাইয়ের কোনও সভাতেই নেই শহিদ বিশ্বনাথ রায়ের পরিবার
    News18 বাংলা | ১৯ জুলাই ২০২৬
  • তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবস উদযাপন নিয়ে শুরু হয়েছে জোর টানাপোড়েন৷ একদিকে বিদ্রোহে কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটপন্থী তৃণমূল, অন্যদিকে আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা নব তৃণমূল, আলাদা আলাদা করে দুই শিবিরই একুশে জুলাইয়ের শহিদ দিবস উদযাপনে উদ্যোগী হয়েছে৷

    তবে ২১ জুলাই নিয়ে এই টানাপোড়েনে বিরক্ত বরানগরের বিশ্বনাথ রায়ের পরিবার৷ ১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে মৃত যে ১৩ জন শহিদ হয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন বিশ্বনাথ৷ কিন্তু সেই ২১ জুলাই উদযাপন নিয়ে মমতা অথবা ঋতব্রত তৃণমূল- দুই শিবিরে কারও উপরেই ভরসা নেই প্রয়াত বিশ্বনাথ রায়ের পরিবারের৷ বরং শহিদ দিবসকে নিয়ে শুধুমাত্র রাজনীতি করা হচ্ছে বলেও ক্ষোভ উগরে দিয়েছে রায় পরিবার৷ ,

    বিশ্বনাথ রায়ের পরিবার জানিয়েছে, ২০২৪ সাল থেকেই ২১ জুলাইয়ের অনুষ্ঠানে যাওয়া বন্ধ করেছেন তাঁরা৷ এবারেও কালীঘাট তৃণমূলের অনুষ্ঠান তো বটেই, ঋতব্রত শিবিরের উদ্যোগে হওয়া ২১ জুলাইয়ের সমাবেশেও যাবেন না তাঁরা৷ বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায় বলেন, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ২১ জুলাইয়ের স্মরণসভাকে মেলা, খেলায় পরিণত করেছিল৷ বিশ্বনাথ রায়ের পরিবারের ক্ষুব্ধ সদস্যরা বলছেন, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় শহিদ দিবসের অনুষ্ঠান নিয়ে রাজনীতি করেছেন৷ এখন ঋতব্রত সেই একই রাজনীতি করবেন৷ তৃণমূল কংগ্রেসের কাছে শহিদ দিবস মানে বিনোদন জগৎকে মঞ্চে নিয়ে আসা।এই বিনোদন জগতে আমরা নেই।

    ২০১১ সালের পর থেকে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনেই একুশে জুলাইয়ের সমাবেশ করত তৃণমূল কংগ্রেস৷ কিন্তু বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর ভেঙে দু ভাগ হয়ে গিয়েছে তৃণমূল৷ এবারেও কালীঘাটপন্থী তৃণমূল শিবির ধর্মতলা চত্বরেই শহিদ দিবস পালন করতে চেয়েছিল৷ কিন্তু সেই অনুমতি দেয়নি পুলিশ, প্রশাসন৷ শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল৷ হাইকোর্টের নির্দেশে বিড়লা তারামণ্ডলের সামনে শর্তসাপেক্ষে শহিদ সভা আয়োজনের অনুমতি পেয়েছে কালীঘাট তৃণমূল৷ অন্যদিকে ঋতব্রত শিবিরের শহিদ সমাবেশ হবে মেয়ো রোডে৷

    কালীঘাট এবং ঋতব্রত পন্থী তৃণমূলের পাশাপাশি আবার তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের উদ্যোগে এনসিপিআই-ও দিল্লির রাজঘাটে শহিদ দিবস পালন করবে৷
  • Link to this news (News18 বাংলা)