• শ্রাবণী মেলায় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি
    আজকাল | ২০ জুলাই ২০২৬
  • মিল্টন সেন

    কথা রেখেছে রাজ্য সরকার। এবারের শ্রাবণী মেলায় নজিরবিহীন উদ্যোগ হিসেবে তারকেশ্বরে আগত জলযাত্রী ও পুণ্যার্থীদের ওপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হল। রবিবার সকালে এই বিশেষ আয়োজন ঘিরে উৎসবের আবহ তৈরি হয় তারকেশ্বরে। আকাশ থেকে ঝরে পড়া ফুলে আপ্লুত হন লক্ষাধিক ভক্ত। তাঁদের অনেকেই জানান, এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি।

    রবিবার সকালে তারকেশ্বরের অস্থায়ী হেলিপ্যাডে একটি হেলিকপ্টার অবতরণ করে। এরপর তারকেশ্বরের বিধায়ক সন্তু পান ফুল নিয়ে হেলিকপ্টারে ওঠেন। কিছুক্ষণ পর হেলিকপ্টারটি আকাশে উড়ে তারকেশ্বর মন্দির চত্বর এবং মন্দিরমুখী জলযাত্রীদের ওপর পুষ্পবৃষ্টি করে। সেই দৃশ্য দেখতে রাস্তার দু'ধারে ভিড় জমে যায় অসংখ্য মানুষের।

    গত মঙ্গলবার শ্রাবণী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তারকেশ্বরেও পুণ্যার্থীদের ওপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে। তিনি বলেছিলেন, উত্তরপ্রদেশের কাশীতে এই ব্যবস্থা দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। রবিবার সেই ঘোষণাই বাস্তবায়িত হল।

    এবারের শ্রাবণী মেলাকে কেন্দ্র করে শুধু পুষ্পবৃষ্টিই নয়, ব্যাপক পরিকাঠামোগত উন্নয়নেরও দাবি করেছে সরকার। বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে।

    পুরো পথজুড়ে আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও লক্ষ লক্ষ ভক্ত বৈদ্যবাটিতে গঙ্গাস্নান করে বাঁকে জল নিয়ে প্রায় ৩০ কিলোমিটার পথ হেঁটে তারকেশ্বর মন্দিরে পৌঁছচ্ছেন।

    এছাড়াও শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে ধর্ম সম্মেলন, মহারুদ্র যজ্ঞ এবং সাধু-সন্তদের সমাবেশেরও আয়োজন করা হয়েছে।

    তারকেশ্বরের বিধায়ক সন্তু পান বলেন, ‘দীর্ঘদিন ধরে তারকেশ্বর মন্দির অবহেলিত ছিল। বর্তমান সরকার মন্দির এবং শ্রাবণী মেলাকে নতুনভাবে সাজিয়ে তুলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই এই সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে প্রতি সপ্তাহেই পুণ্যার্থীদের ওপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে।’

    পুণ্যার্থীদের একাংশের কথায়, প্রতিবছরই শ্রাবণ মাসে তারকেশ্বরে মেলা বসে। তবে এ বছর নিরাপত্তা, রাস্তা, আলোকসজ্জা ও সামগ্রিক ব্যবস্থাপনা অনেক উন্নত হয়েছে। তার সঙ্গে নতুন সংযোজন হিসেবে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি এবারের শ্রাবণী মেলাকে আরও স্মরণীয় করে তুলেছে বলে তাঁদের মত।
  • Link to this news (আজকাল)