• অভয়ার মাকে ‘নির্লজ্জ, বেহায়া’ তোপ, বিতর্কে মুখ খুলে কী সাফাই আরজে প্রিয়াঙ্কার?
    প্রতিদিন | ২০ জুলাই ২০২৬
  • অভয়ার মায়ের মন্তব্যের সমালোচনা করে ভিডিও পোস্ট করেন আরজে প্রিয়াঙ্কা। তা নিয়ে সোশাল মিডিয়ায় খোঁচা দেন নেটিজেনরা। এবার পালটা কটাক্ষের মাঝে আত্মপক্ষ সমর্থন করে পোস্ট জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের।

    সোশাল মিডিয়ায় স্বপক্ষে প্রিয়াঙ্কা বলেন, “নিজের কথা বলার জন্য কি কোনও পার্টির লোক হতে হবে? আমি কোনও পলিটিক্স করি না যেটা সত্যি মনে হয়, সেটা বলি। যেটার অধিকার আমার আছে।” যদিও তিনি যে ভাষাপ্রয়োগ করে, তা ঠিকঠাক ছিল না বলেই স্বীকার করে নেন। তাঁর কথায়, “আমার মুখে ভাষা, হ্যাঁ আমার মুখের ভাষা খারাপ ছিল। অনেক বাজেভাবে আমি বলেছিলাম সেটা ভুল ছিল। কিন্তু বলার উদ্দেশ্যে আমার সেটাই ছিল, সেটাই আছে, সেটাই থাকবে।” বেহালা ও বারুইপুরের ধর্ষণ কাণ্ড নিয়ে অভয়ার মায়ের মন্তব্যের ঘোর বিরোধিতা করেন আরজে প্রিয়াঙ্কা। তাঁর দাবি, অভয়ার মা একজন বিধায়ক অর্থাৎ জনপ্রতিনিধি। তাই তাঁর কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেক্ষেত্রে তাঁরও প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে আরও সচেতন হওয়া প্রয়োজন বলেই মনে করেন প্রিয়াঙ্কা। সমালোচকদের মধ্যে যাঁরা প্রিয়াঙ্কাকে “দালাল, চটিচাটা, সেকু, মাকু” বলে কটাক্ষ করেছিলেন, তাঁদেরও জবাব দেন কনটেন্ট ক্রিয়েটর। বলেন, “তোমরা ওই করো। আর কিছু হবে না তোমাদের।”

    দিনকয়েক আগে বারুইপুর ধর্ষণ কাণ্ড নিয়ে মুখ খোলেন অভয়ার মা। তারপর এই প্রসঙ্গে ভিডিও তৈরি করেন প্রিয়াঙ্কা। বলেন, “রাজনীতি খুব খারাপ একটা জিনিস আমি শুনেছিলাম। যে রাজনীতিতে আসলেই সবাই পাল্টে যান। সবার আসল রূপ বেরয়। চরম উদাহরণ হলেন এই মহিলা (দেখানো হয় অভয়ার মায়ের ছবি)। যত দেখছি আমার মাথার রক্ত গরম হয়ে যাচ্ছে। একটা মহিলা কতটা ফালতু হতে পারে। এঁর এই একি প্যানপ্যানে কথাবার্তা। এবার তো একটু স্ক্রিপ্ট চেঞ্জ করো কাকিমা। বলি কী কাকিমা আপনি তো কিছুই জানেন না। সবাই এসে আপনাকে জানাবে কোথায় কী ঘটছে তবেই আপনি রাস্তায় নামবেন। বাবা-মাকে এসে অনুরোধ করতে হবে রাস্তায় নামুন। তা আপনি নিজের মেয়ের সময় কত লোকের বাড়ি বাড়ি গিয়েছিলেন রাস্তায় নামার জন্য? আপনার মেয়ে হাসপাতালে ছিল একটা সেফ জোনে ছিল, ওটা আলাদা কেস। এই মেয়েটা কোথায় ছিল আপনি জানেন না। রাস্তায় ছিল না কোথায় ছিল আপনি জানেন না, তাই ওটা আলাদা ব্যাপার।”

    তাঁর আরও সংযোজন, “আপনি পলিটিশিয়ান পরে হবেন। আগে ভালো মানুষ হন। একজন ভালো মা হন। আপনি তো সেটারও যোগ্য নন। আপনাকে যাঁরা ভোট দিয়েছেন না তাঁরা হয়তো কপাল চাপড়াচ্ছে কাকে ভোট দিলাম। আপনার জন্য একটাই শব্দ ছিঃ। আসলে আপনি যে এতটা বেহায়া, নির্লজ্জ মহিলা কেউ আশা করিনি। আপনি তো সাধারণ লোক নন মহিলা। আপনি তো এমএলএ। তাই আপনাকে তো জানতেই হবে। জানবেন না তো কে জানবে। আপনাকে লোকে ভোট দিয়েছিল তাই না। আপনার মেয়েটা মেয়ে। আর অন্যের মেয়েটা মেয়ে নয়। আপনি কী বলতে চাইছেন, রাস্তায় হাঁটলেই এই ঘটনা ঘটতে পারে। রাস্তা কারও বাবার? তার সেফটি কে দেখবে? আসলে আপনি বুঝতেই পারছেন না সিমপ্য়াথি খেলবেন নাকি পলিটিক্স। এরপর থেকে স্ক্রিপ্টটা ভালো করে মুখস্থ করে বলবেন। কারণ দেখে দেখে বললে না ক্যামেরায় বোঝা যায়। মনে হয় এমএলএ হওয়ার আগে এন্ট্রান্স এক্সাম হওয়া উচিত। যাকে তাকে এমএলএ করা উচিত নয়।” প্রিয়াঙ্কার মন্তব্যের বিরোধিতায় সুর চড়ান নেটিজেনরা। পালটা জবাব দিলেন আরজে।
  • Link to this news (প্রতিদিন)