• বর্ধমান রোডের ফ্লাইওভারের উদ্বোধন ২৭-এ, আসবেন CM, প্রশ্ন ফাটলে
    এই সময় | ২০ জুলাই ২০২৬
  • এই সময়, শিলিগুড়ি: জল্পনার অবসান। দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে চালু হতে চলেছে শিলিগুড়ির বর্ধমান রোডের ফ্লাইওভার। আগামী ২৭জুলাই, সোমবার ফ্লাইওভারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    শিলিগুড়ির বিধায়ক এবং পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ ফ্লাইওভার উদ্বোধনের বিষয়টি জানিয়েছেন। রবিবার কলাকাতার উদ্দেশে রওনা দেওয়ার আগে তিনি বলেন, 'মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। ২৭ তারিখ তিনি উত্তরবঙ্গ সফরে থাকবেন। সেই সময়ে মুখ্যমন্ত্রীর হাতেই ফ্লাইওভারের উদ্বোধন হবে।' ওই একই দিনে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির জল্পেশ মন্দিরেও উপস্থিত থাকতে পারেন বলে খবর।

    যানজট ২০১৮-তে শহরের কমানোর লক্ষ্যে বর্ধমান রোডে ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয়। তবে রেলের ছাড়পত্র, জমি নিয়ে জটিলতা এবং প্রশাসনিক নানা সমস্যার কারণে বারবার কাজে ব্যাঘাত ঘটে। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত নির্মাণকাজ কার্যত বন্ধ ছিল। পরে রেল-সংক্রান্ত জটিলতা মিটলে কাজ শুরু হয়।

    এ দিকে প্রকল্পের ব্যয়ও বাড়তে থাকে। তৃণমূল আমলেই ফ্লাইওভারের কাজ প্রায় শেষ হয়। সেই সময়ে তৎকালীন সরকার ফ্লাইওভারে নীল-সাদা রং করে। এর মাঝে রাজ্যে পালাবদল হয়ে যাওয়ার পরে ফ্লাইওভারে কমলা-সাদা রং করা হয়। সরকার পরিবর্তনের পরে একাধিকবার ফ্লাইওভার উদ্বোধনের জল্পনা ছড়ায়।

    এরই মাঝে কয়েকদিন আগে ফ্লাইওভারের এক জায়গায় ফাটল দেখা যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। যদিও শঙ্কর বলেন, 'বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলব। এরকম কোনও সমস্যা থাকলে যেন শিগগিরই মিটিয়ে নেওয়া হয়, সেটা দেখা হবে।'

  • Link to this news (এই সময়)