• লিস্টে না থাকলেও নজরে মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল!
    এই সময় | ২০ জুলাই ২০২৬
  • সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি

    আজ, সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন৷ এই অধিবেশনে সরকারের তরফে যে সব বিল পেশ করা হবে বলে জানানো হয়েছে, সেই তালিকায় নেই মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল, তবু নজর ওই বিলগুলোর দিকেই। বিরোধী শিবিরের বড় অংশের ধারণা, দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়ে গেলেই সারপ্রাইজ প্যাকেজ হিসেবে এই দু’টি বিল বাদল অধিবেশনের যে কোনও পর্বে সংসদে পেশ করবে কেন্দ্রীয় সরকার৷ এই মর্মেই তাত্‍পর্যপূর্ণ হয়ে উঠতে পারে ডিএমকের ২২ এবং শরদ পাওয়ারের এনসিপি-র ৮ জন লোকসভা সাংসদের ভূমিকা৷

    কার্যতালিকায় না থাকলেও মহিলা সংরক্ষণ এবং লোকসভা আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল বাদল অধিবেশনে হঠাৎ পেশ হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে।

    বিরোধীদের ধারণা, সরকার প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারলেই যে কোনও সময় এই বিল সংসদে আনতে পারে। যদিও সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।

    বাদল অধিবেশনে রামমন্দিরের প্রণামী চুরি এবং নিট প্রশ্নফাঁসের মতো বিষয় নিয়ে সরকারকে চাপে ফেলতে চায় বিরোধী দলগুলি।

    তৃণমূলের ২০ এবং উদ্ধব ঠাকরের শিবসেনার ৬, মোট ২৬ জন লোকসভা সাংসদ ইতিমধ্যেই শিবির পরিবর্তন করেছেন৷ এর পরে ডিএমকে এবং শরদ পাওয়ারের দলের সমর্থন পেলে বাকি সংখ্যাগরিষ্ঠতা জোটাতে সরকারের খুব একটা সমস্যা হবে না বলেই দাবি সরকারি সূত্রে৷ তবে রবিবারের সর্বদল বৈঠকে মহিলা সংরক্ষণ বা আসন পুনর্বিন্যাস বিল নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি সরকার৷ সূত্রের দাবি, সর্বদল বৈঠকে বিরোধী শিবিরের তরফে বার বারই সরকারের অবস্থান জানার চেষ্টা হলেও সুস্পষ্ট ব্যাখ্যা মেলেনি৷ ফলে ধোঁয়াশা তৈরি হয়েছে সরকারের অবস্থান ঘিরে৷

    ডিএমকে নেতা, প্রবীণ সাংসদ তিরুচি শিবা বলেন, ‘আসন পুনর্বিন্যাস বিল নিয়ে সরকারকে অবস্থান স্পষ্ট করতে হবে৷ সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত উদ্যোগে দক্ষিণের রাজ্যগুলি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে৷ যদি কোনও ভাবে দক্ষিণের রাজ্যগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, তা হলে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত উদ্যোগ অন্তত আরও ২৫ বছর পিছিয়ে দিতে হবে৷ লোকসভার বর্তমান ৫৪৩টি আসন সংখ্যার নিরিখে মহিলা সংরক্ষণ বিল আনা হলে ডিএমকে সেই বিলকে সমর্থন জানাবে৷’

    সূত্রের খবর, মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতার পাশাপাশি বিরোধী শিবির তাদের সংসদীয় অ্যাজেন্ডাও স্থির করে ফেলেছে৷ রামমন্দিরের প্রণামী চুরি এবং নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে সংসদীয় অধিবেশনে তোপ দাগবে বিরোধী শিবির— আভাস মিলেছে রবিবারের সর্বদল বৈঠকেই৷ অযোধ্যার রামমন্দিরের কোটি কোটি টাকা প্রণামী এবং দানসামগ্রী চুরির ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন চুপ, প্রশ্ন তুলেছে বিরোধী শিবির৷ সংসদীয় কক্ষে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে তারা ফের সরব হবে, জানিয়েছে বিরোধী শিবির৷

    সর্বদল বৈঠকের শুরুতেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সুষ্ঠু সংসদীয় অধিবেশন পরিচালনায় বিরোধীদের সক্রিয় সহযোগিতার আবেদন জানান৷ পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে যাতে ভারতে বড় কোনও প্রভাব না পড়ে, তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সার্বিক স্বার্থে সব রাজনৈতিক দলের এক হয়ে পথ চলা উচিত, বিরোধীদের কাছে আহ্বান জানান প্রতিরক্ষামন্ত্রী৷ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুও বিরোধীদের সক্রিয় সহযোগিতার আবেদন করেন৷ তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী শিবিরের আক্রমণকে সরকার কী ভাবে সামাল দেয়, তার উপরেই নির্ভর করবে বাদল অধিবেশনের ভবিষ্যৎ৷

    সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে।

    দক্ষিণ ভারতের একাধিক রাজনৈতিক দলের আশঙ্কা, আসন পুনর্বিন্যাস হলে তাদের রাজ্যগুলির লোকসভা প্রতিনিধিত্ব কমে যেতে পারে।

    ডিএমকে বলেছে, বর্তমান ৫৪৩টি লোকসভা আসন বজায় রেখে মহিলা সংরক্ষণ কার্যকর হলে তারা সমর্থন করবে। তবে দক্ষিণের রাজ্যগুলির ক্ষতি হলে আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করবে।

    সরকার বিরোধীদের সংসদ পরিচালনায় সহযোগিতার আহ্বান জানালেও মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল নিয়ে স্পষ্ট অবস্থান জানায়নি।

    রামমন্দিরের প্রণামী চুরি, নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য জনস্বার্থের বিষয় নিয়ে সরকারকে চাপে ফেলতে চায় বিরোধী শিবির।

  • Link to this news (এই সময়)