• ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের দাবিতে ফের দিল্লি হাইকোর্টে গীতাঞ্জলি, জরুরি শুনানির আর্জি
    এই সময় | ২০ জুলাই ২০২৬
  • পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে দিল্লির সফদরজং হাসপাতাল থেকে তাঁর পছন্দের বেসরকারি হাসপাতালে পাঠানোর দাবিতে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো। দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই আর্জি মানতে অস্বীকার করার পরে সোমবার ফের ডিভিশন বেঞ্চে নতুন আবেদন করে জরুরি শুনানির আর্জি জানিয়েছেন সোনম ওয়াংচুকের স্ত্রী।

    সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অ্যাংমোর আবেদনে দাবি করা হয়েছে, সফদরজং হাসপাতাল ওয়াংচুকের জন্য উপযুক্ত নয় এবং তাঁকে নিজের পছন্দের বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া উচিত।

    গত কয়েক সপ্তাহ ধরে অনশন চালিয়ে যাওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোনম ওয়াংচুককে পুলিশ সফদরজং হাসপাতালে ভর্তি করায়। পরে তাঁর স্ত্রী অভিযোগ করেন, হাসপাতালে তাঁকে কার্যত কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে এবং স্বাধীন ভাবে মেডিক্যাল টেস্ট করানোর বা চিকিৎসা পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। এই কারণেই তিনি আদালতের হস্তক্ষেপ চাইছেন।

    রবিবার দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ওয়াংচুককে অবিলম্বে বেসরকারি হাসপাতালে পাঠানোর নির্দেশ দিতে অস্বীকার করে। আদালতের পর্যবেক্ষণ ছিল, তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সরকার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং সফদরজং হাসপাতালের চিকিৎসকরা তাঁর সম্মতি নিয়েই ওয়াংচুককে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা দিচ্ছেন। তাই এই মুহূর্তে অন্তর্বর্তী কোনও নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই।

    এ দিকে সোনম ওয়াংচুক হাসপাতালে ভর্তি থাকায় তাঁর ঘোষিত ‘চলো সংসদ’ কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার কথা জানিয়েছেন গীতাঞ্জলি অ্যাংমো। তিনি বলেছেন, ‘স্বামী উপস্থিত থাকতে না পারলেও আন্দোলন থামবে না এবং তিনি নিজেই মিছিলে নেতৃত্ব দেবেন।’

  • Link to this news (এই সময়)