বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টির সাময়িক বিরতি থাকলেও রবিবার সারাদিনই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবারও একইরকম থাকতে চলেছে আবহাওয়া। বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি জারি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, সোমবার সারাদিনই কলকাতার আকাশ মেঘলা থাকবে। সঙ্গে দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার, শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৬ ডিগ্রি সেলসিয়াস কম। অন্য দিকে, এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবারও শহরের তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে রাঁচি ও দিঘার ওপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটিও শক্তিক্ষয় করে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এর জেরে সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বাড়তে পারে। মঙ্গলবার দুই ২৪ পরগনা ও নদিয়ায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টি।
সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কম হতে পারে। প্রবল বৃষ্টির কারণে নদীর জলস্তর বেড়ে গিয়ে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।
সোমবার সারাদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং শহরের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বাড়তে পারে। বিশেষত, মঙ্গলবার দুই ২৪ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে।
সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।