আজ থেকেই ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর নয়া অভিযান, কর্মসূচি ঘোষণা লালবাজারের
প্রতিদিন | ২০ জুলাই ২০২৬
মহিলাদের প্রতি অপরাধ ও সাইবার ক্রাইম নিয়ে শহরজুড়ে সচেতনতার জন্য সোমবার থেকেই নতুন অভিযান শুরু কলকাতা পুলিশের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর। এই বিশেষ অভিযানের জন্য আগামী ৩০ দিনে কলকাতার ৬০ থানার ১২০টি জায়গা বেছে নিয়েছে লালবাজার। ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর মূল কাজ স্কুটিতে চড়ে শহরের নারীদের সুরক্ষা বৃদ্ধি করা। এবার স্কোয়াডের উপর বর্তাল অতিরিক্ত দায়িত্ব। ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’কে কেন্দ্র করে তৈরি হল যুগ্ম টহলদারি টিম। সাইবার থানা, মহিলা থানা-সহ প্রত্যেকটি থানা, পুলিশের মহিলা সেলের আধিকারিকরাও থাকছেন ওই টিমে। শুরু হচ্ছে মহিলাদের প্রতি অপরাধ ও সাইবার অপরাধ নিয়ে সচেতনতা অভিযান।
প্রত্যেকদিন দুটি থানার চারটি জায়গায় ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর সদস্যরা যুগ্ম টহলদারি টিমের সাহায্যে লিফলেট বিলি করবেন। প্রয়োজনে মাইক নিয়েও প্রচার করে ও রাস্তার মোড়ে কোনও একটি জায়গায় স্ক্রিনে ছোট ভিডিও ক্লিপিং দেখিয়েও বাসিন্দা ও পথচারীদের সচেতন করা তোলা হবে। তাঁদের কোনও প্রশ্ন রয়েছে কি না, তা-ও জিজ্ঞাসা করা হবে। কোনও প্রশ্নের সামনে এলে পুলিশকে তার উত্তরও দিতে হবে। তার জন্য ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর দশটি স্কুটি ও একটি গাড়িকে লালবাজার তৈরি রেখেছে। তার সঙ্গে সংশ্লিষ্ট থানা, সাইবার থানা ও গোয়েন্দা বিভাগের মহিলা টিমের গাড়িও ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড ‘কে সহায়তা করবে। পুরো বিষয়টি তত্ত্বাবধান করবেন লালবাজারের কর্তারা।
নারী হেনস্তায় ‘জিরো টলারেন্স’ হুঁশিয়ারি আগেই দিয়েছে শুভেন্দু প্রশাসন। রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই ‘রোমিও’দের জেলযাত্রা হবে। মহিলাদের রক্ষা করতে চলতি মাসের ২ তারিখ ঘোষণা করা হয়েছে ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’-এর। এছাড়া প্রতিটি থানায় সাইবার হেল্পডেস্কও চালু করা হয়েছে রাজ্য সরকারের। এই অভিযানে মোটরবাইকে চড়ে পথেঘাটে টহল দেবেন মহিলা পুলিশকর্মীরা। মহিলাদের রাস্তায় কেউ উত্যক্ত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা করবে দুর্গাসুরক্ষা স্কোয়াড। আগেই বসিরহাট, বনগাঁ, বারাসত প্রেসিডেন্সি রেঞ্জে ১০টি অত্যাধুনিক বাইকের ব্যবস্থা করা হয়েছে। ২০টি রিয়াল টাইম অডিও ভিসুয়াল ট্রান্সমিশন বন্দোবস্তও করা হয়েছে। যার সাহায্যে যে কোনও ঘটনার লাইভ সম্প্রচার করা সম্ভব হবে।