প্রতারক মেসি! ভদ্রতার মুখোশ পরে থাকা লোকটাকে চিনতে ভুল করেছি আমরা, মহাতারকাকে নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়ায়
আজকাল | ২০ জুলাই ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির আচরণ নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ওয়েন রুনি। তাঁর মতে, মেসির মতো একজন ফুটবলারের কাছ থেকে এরকম অখেলোয়াড়োচিত আচরণ প্রত্যাশিত নয়।
ফাইনালে এনজো ফার্নান্দেজকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যেতে হয়। আর্জেন্টিনা নেমে যায় ১০ জনে। সেই সময়ে স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার সঙ্গে মেসির কথা কাটাকাটি চলছিল। ওই সময়ে কুকুরেয়া মুখ ঢেকে কথা বলায় মেসি রেফারিকে বলেন, কুকুরেয়াকে লাল কার্ড দেখানো হোক। তবে ম্যাচের রেফারি স্লাভকো ভিনচিচ কোনও কার্ড দেখাননি। মেসির কথাকে গুরুত্বই দেননি।
ম্যাচ-পরবর্তী আলোচনায় এই ঘটনাকে কেন্দ্র করে নিজের প্রতিক্রিয়া জানান রুনি। তিনি বলেন, "এটা মরিয়া আচরণ। আর্জেন্টিনা এমনভাবেই খেলে, সেটা আমরা জানি। কিন্তু স্পোর্টসম্যানশিপ দেখানো উচিত। লিওনেল মেসিকে এমনটা করতে দেখে সত্যিই খারাপ লেগেছে।''
রুনির এই মন্তব্যের পর মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়। অনেক ফুটবলভক্ত মেসির আচরণের সমালোচনা করেছেন। আর্জেন্টাইন অধিনায়ককে এর জন্য শুনতে হয় তিনি প্রতারক।
একজন ভক্ত লিখেছেন, ''কুকুরেয়াকে লাল কার্ড দেখানোর চেষ্টা করে মেসি লজ্জার দৃষ্টান্ত তৈরি করল।'' আরেক ভক্ত লিখেছেন, "মার্ক কুকুরেয়া মুখ ঢেকে কথা বলেছে। এমন অভিযোগ তুলে তাঁকে মাঠছাড়া করার চেষ্টা মেসির পুরো কেরিয়ার সম্পর্কে অনেক কিছু বলে দেয়। চাপের মুখে পড়লেই তাঁর 'ভদ্র মানুষ'-এর মুখোশ খুলে যায়। মেসি একজন প্রতারক।"
আরও এক ভক্ত পোস্ট করেন, "মেসি একজন প্রতারক... আমি বুঝি না কীভাবে তিনি পুরো বিশ্বকে বিশ্বাস করাতে পেরেছিলেন যে তিনি ভাল মানুষ।"
ফাইনালে হারলেন, টানা দু'বার বিশ্বজয়ের স্বপ্ন শেষ হল। কুকুরেয়াকে লাল কার্ড দেখানোর জন্য রেফারিকে প্রভাবিত করতে গিয়ে তাঁকে শুনতে হল প্রতারক।