তারকেশ্বরে শ্রাবণী মেলার ঢল! কখন খোলা, কখন বন্ধ বাবা তারকনাথের গর্ভগৃহ? জেনে নিন সঠিক সময়সূচি
News18 বাংলা | ২০ জুলাই ২০২৬
: শুরু হয়েছে শ্রাবণ মাস। যে শ্রাবণ মাসে শিব ভক্তরা কাতারে কাতারে ভিড় জমান বাবা শিবের মাথায় জল ঢালতে। পশ্চিমবঙ্গে যে সকল শিবতীর্থ রয়েছে তার মধ্যে অন্যতম হল তারকেশ্বর। হুগলির এই তারকেশ্বর মন্দিরের শ্রাবণ মাস উপলক্ষে শুরু হয়েছে শ্রাবণী মেলা, দূর-দূরান্ত থেকে লক্ষ্য লক্ষ্য ভক্তরা আসেন বাবার মাথায় জল ঢালতে।
এই বছর ১৮ জুলাই থেকে ২৮ অগাস্ট পর্যন্ত চলবে তারকেশ্বরের শ্রাবণী মেলা। বছরের বিভিন্ন সময় তারকেশ্বরে ভক্তদের সমাগম হলেও শ্রাবণী মেলার সময় সেই ভিড়, সেই সমাগম কয়েকগুণ বেড়ে যায়। শ্রাবণী মেলা এবং বাবা তারকনাথের মাথায় জল ঢালাকে কেন্দ্র করে সাধারণ মানুষদের মধ্যে অনেক কৌতূহল রয়েছে। যে সকল কৌতূহলের মধ্যে অন্যতম হল কখন বা কতক্ষণ মন্দির খোলা থাকে? কখন বাবা তারকনাথের মাথায় জল ঢালা যায়?
তারকেশ্বর মন্দির খোলা ও বন্ধ থাকা সংক্রান্ত যে তথ্য পাওয়া গিয়েছে তা থেকে জানা যায়, মন্দিরে ভোর চারটের সময় মঙ্গলারতি হওয়ার পর সকাল ৬টা থেকে সকাল ৯ টা ৩০ মিনিট পর্যন্ত মন্দির খোলা থাকে ভক্তদের জন্য। এরপর ১১ঃ১৫ পর্যন্ত নিত্য পূজা থেকে শুরু করে আরতি ইত্যাদি জন্য সাধারণ ভক্তদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। আবার ১১:১৫ থেকে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত ফের সাধারণ ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। পরবর্তীতে দুপুর ২ টা ৪৫ মিনিটে সিঙ্গার দর্শন, বিকেল ৩:১৫ মিনিটে রাজবেশ দর্শনের সুযোগ পান ভক্তরা। বিকেল চারটে থেকে ৬:৩০ পর্যন্ত মন্দির বন্ধ থাকে। সন্ধ্যা ৬:৪৫ মিনিটে হয় সন্ধ্যা আরতি।