শুধু সরকারি বাস নয়, শহরের 'এই' রুটের বেসরকারি বাসেও মিলছে 'ফ্রি' যাতায়াত! পরিষেবা পাবেন কারা?
News18 বাংলা | ২০ জুলাই ২০২৬
সরকারি বাসে মহিলাদের ফ্রি যাতায়াতের পর, এবার বেসরকারি বাসে যাত্রী টানতেই অভিনব উদ্যোগ। দেগঙ্গা থেকে সাঁতরাগাছি নতুন বাস রুট চালু হতেই, হাসপাতালে চিকিৎসা করাতে যাওয়া রোগীদের জন্য বিনামূল্যে যাত্রী পরিষেবার ঘোষণা। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এলাকার দীর্ঘদিনের পরিবহন সমস্যার অবসান ঘটাতেই চালু হল এই বেড়াচাঁপা থেকে হাওড়ার সাঁতরাগাছি পর্যন্ত নতুন বেসরকারি বাস পরিষেবা। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধার পর এবার চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া রোগীদের বিনা ভাড়ায় পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে এই নতুন বাস রুটের উদ্যোক্তারা।
দীর্ঘদিন ধরে দেগঙ্গা ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতাল কিংবা হাওড়া স্টেশনে পৌঁছতে একাধিক বাস বা ট্রেন বদল করতে হতো। ফলে সময় ও অর্থ দুইয়েরই অপচয় হত। সেই সমস্যার সমাধান করতেই বেড়াচাঁপা থেকে সাঁতরাগাছি পর্যন্ত সরাসরি এই বাস পরিষেবা চালু করা হয়েছে। নতুন বাস রুটের উদ্বোধন হওয়ায় খুশি দেগঙ্গার বিস্তীর্ণ এলাকার মানুষজন।
বাস মালিক কামালউদ্দিন জানান, এই রুট চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র রোগীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। একটিমাত্র বাসে চেপেই তাঁরা কলকাতার শিশু হাসপাতাল, আইডি হাসপাতাল, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (এনআরএস), এসএসকেএম (পিজি) হাসপাতাল-সহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পৌঁছতে পারবেন। পাশাপাশি হাওড়ার সাঁতরাগাছি স্টেশনেও সরাসরি যাতায়াতের সুযোগ মিলবে। তিনি আরও জানান, ভবিষ্যতে প্রতিদিন প্রায় ২০টি বাস এই রুটে চলাচল করবে। তবে প্রাথমিকভাবে পাঁচটি বাস দিয়ে পরিষেবা শুরু হচ্ছে। এই নতুন রুট চালু হওয়ায় স্থানীয় স্তরে কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হল, চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে যাওয়া যাত্রীদের কাছ থেকে কোনও ভাড়া নেওয়া হবে না। প্রয়োজনীয় তথ্য যাচাই করে রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে বাস পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন বাস মালিকরা। তাঁদের দাবি, এই সামাজিক উদ্যোগের মাধ্যমে দেগঙ্গা-সহ আশপাশের এলাকার অসংখ্য মানুষ সরাসরি উপকৃত হবেন এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও মিলবে বাড়তি সুবিধা।