• চিকিৎসার জন্য বিদেশে যেতে চান অভিষেক, বিচারপতি বললেন, 'আগে SSKM-এ দেখান'
    আজ তক | ২০ জুলাই ২০২৬
  • চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেই আবেদেন প্রাথমিকভাবে নাকচ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপোকে কলকাতার কোনও হাসপাতাল বা এসএসকেএম-এ গিয়ে চিকিৎসা করানোর কথা বললেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 

    সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অভিষেকের বিরুদ্ধে ওঠা ডিজে মামলার শুনানি ছিল। সেই মামলাতে সাময়িক স্বস্তি পান তিনি। এর আগে গত ২১ মে আদালত ওই সাংসদকে গ্রেফতারি থেকে সুরক্ষাকবচ দিয়েছিল। যার মেয়াদ ছিল জুলাই মাসের শেষ পর্যন্ত। এবার সেই সুরক্ষার মেয়াদ আরও বাড়ানোর নির্দেশ দেন বিচারপতি। শর্তসাপেক্ষে ৬ অক্টোবর পর্যন্ত রক্ষাকবচ পেয়েছেন তিনি। 

    এদিন শুনানিতে মক্কেলের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার আবেদন করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। তবে তা মঞ্জুর করেননি বিচারপতি। তিনি সাফ জানিয়ে দেন, এখন বিদেশে যাওয়ার অনুমতি দেবেন না। তা নিয়ে আদালত বিচার-বিবেচনা করবে। অভিষেককে তদন্তে সাহয্য করতে হবে। 

    নিজের চোখের চিকিৎসা বিদেশে করিয়ে থাকেন অভিষেক। সেজন্য তিনি দেশের বাইরে যেতে চান। এই আবেদন আদালতে করা হলে বিচারপতি বলেন, 'আমাদের রাজ্যেই অত্যন্ত উন্নত মানের চক্ষু চিকিৎসাকেন্দ্র রয়েছে। আগে তদন্তে সহযোগিতা করুন। প্রয়োজন হলে SSKM হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানকে আপনার চোখ পরীক্ষা করতে বলা হবে। যাতে জানা যায় এই রাজ্যেই চিকিৎসা সম্ভব কি না।' 

    তখন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে জানান, 'বিচারপতি কৌশিক চন্দও তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।' তা শুনে বিচারপতি বলেন, 'প্রয়োজন হলে আমি এএখশ হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানকে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে আপনার চোখের অবস্থা সম্পর্কে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেব। রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দিষ্ট তারিখও ঠিক করা হবে। আদালত প্রথমে নিশ্চিত হতে চায়, আপনার চোখের এই সমস্যার চিকিৎসা রাজ্যেই সম্ভব কি না। এই মুহূর্তে কোনও অবস্থাতেই বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না।'
     

     
  • Link to this news (আজ তক)