‘আমাকে কন্ডোম ছুড়ে মারে…’ হায়দরাবাদে আইপিএস ট্রেনি অফিসারের বিরুদ্ধে বিস্ফোরক মহিলা সহকর্মী
প্রতিদিন | ২০ জুলাই ২০২৬
হায়দরাবাদে (Hyderabad) ট্রেনি এক আইপিএস অফিসারের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুললেন তাঁরই এক মহিলা সহকর্মী। অভিযোগ, হায়দরাবাদের সর্দার বল্লভভাই পটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণ চলাকালীনই তাঁকে হেনস্তার শিকার হতে হয়। মহিলা জানান, আইপিএস প্রবেশনারি অফিসার উদয় কৃষ্ণ রেড্ডির বিরুদ্ধে অভিযোগ করে মহিলা জানান, তাঁকে স্টিকং, শারীরিক নির্যাতন, ভয় দেখিয়ে গোপনে ব্যক্তিগত ভিডিও করা সহ একাধিকভাবে হেনস্তা করা হয়।
১৮ জুলাই দায়ের করা অভিযোগে অভিযোগকারী অফিসার জানান, গত কয়েক সপ্তাহ ধরে ট্রেনিং চলাকালীন ওই অফিসার তাঁকে নানারকমভাবে হেনস্তা করছিলেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত তাঁকে অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠাতেন। অন্যান্য প্রশিক্ষণার্থীদের সামনে অপমান করতেন। ধীরে ধীরে তাঁর আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ও অভিযোগকারীর ব্যক্তিগত সম্পর্ক ও যোগাযোগ নিয়ন্ত্রণের চেষ্টা করতেন বলে অভিযোগ।
এখানেই শেষ নয়, অভিযোগকারীর দাবি, গত ৯ জুলাই তাঁকে জোর করে টেনে একটি ঘরে নিয়ে যান অভিযুক্ত। সেখানে তাঁকে মারধর করা হয়, ছুরি দেখিয়ে ভয় দেখানো হয়। অভিযোগ সেই সময় অভিযুক্ত তাঁর দিকে কন্ডোমের প্যাকেট ছুড়ে মারেন। অভিযুক্ত ওই অফিসার নাকি জোর করে মহিলা সহকর্মীর মোবাইল ফোন চেক করতে চাইতেন। বহুবার তাঁর ফোনও কেড়ে নিয়েছিলেন বলে অভিযোগ। ব্যক্তিগত চ্যাট দেখার জন্য পাসওয়ার্ড জানতে চাপ দিতেন বহুবার। সম্মতি ছাড়াই একাধিকবার তাঁকে স্পর্শ করার চেষ্টাও করেন তিনি। অভিযোগে আরও দাবি করা হয়, গোপনে একটি অন্তরঙ্গ ভিডিও রেকর্ড করেন ওই অফিসার এবং সেই ভিডিও অভিযোগকারীর স্বামীকে পাঠিয়ে দেবেন বলে ব্ল্যাকমেল করার চেষ্টা করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে। বর্তমানে ঘটনার তদন্ত চলছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।